প্রাণনাশের হুমকিতে থানায় জিডি করার পর নিখোঁজ রয়েছে বেসরকারি মোহনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মুশফিকুর রহমান। এ ঘটনায় শনিবার রাতে গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার মামা এজাবুল হক।
এর আগে প্রাণনাশের হুমকির মুখে থানায় জিডি করেছিলেন মুশফিকুর। গত ২১ জুলাই একটি অজ্ঞাত নম্বর থেকে তাকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছিল। ২২ জুলাই জীবনের নিরাপত্তা চেয়ে রাজধানীর পল্লবী থানায় জিডি করেছিলেন তিনি।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান গণমাধ্যমকে মুশফিকুর রহমান নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ মুশফিককে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
শনিবার বিকেলে মিরপুরের নিজ বাসা থেকে গুলশানে মামার সঙ্গে দেখা করার উদ্দেশ্যে বেরিয়ে যাওয়ার পর আর তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি।
পরিবারের পক্ষ থেকে তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না জানিয়ে জিডিতে উল্লেখ করা হয়েছে, গুলশানে মামার সঙ্গে দেখা করে মিরপুরে ফেরার কথা ছিল তাঁর।
বিবি/জেজে






















