বাংলাদেশ চলচিত্রের অন্যতম সেরা নায়িকা পপি। ঈদুল আজহায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) বিশেষ অনুষ্ঠান আনন্দমেলায় উপস্থাপক
হিসেবে প্রথমবারের মতো অভিষেক হচ্ছে চিত্রনায়িকা পপির। আনন্দমেলা যৌথভাবে উপস্থাপনার জন্য সহশিল্পি হিসেবে পপির সাথে থাকবেন ফেরদৌস।
উপস্থাপনার পাশাপাশি দুজনেই দুটি গানের সঙ্গে পারফর্ম করেছেন। পপি নেচেছেন তার অভিনীত ‘রানী কুঠির বাকি ইতিহাস’ সিনেমার ‘আমার মাঝে নেই এখন আমি’ গানের সঙ্গে। আর ফেরদৌস পারফর্ম করেছেন তার অভিনীত ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমার ‘সোনালি প্রান্তরে’ গানটির সঙ্গে।

প্রথমবার উপস্থাপনা প্রসঙ্গে পপি বলেন, ‘প্রথমবার উপস্থাপনা করলাম। তাই শুরুতে কিছুটা ভয় করেছে। পরে দারুণ মানিয়ে নিয়েছি। পুরো অনুষ্ঠানটি আমরা বেশ উপভোগ করেছি। আশা করছি এবারের ঈদ আনন্দমেলা দারুণ উপভোগ করবেন দর্শকরাও।
ফেরদৌস বলেন, ‘আগেও আনন্দমেলার উপস্থাপনা করেছি। পারফর্মেন্সও করেছি। প্রতিবার চেষ্টা করেছি ভিন্নধর্মী পারফর্মেন্স করার। এবারও সেই চেষ্টা অব্যাহত ছিল। পপির সঙ্গে উপস্থাপনাটা দারুণ উপভোগ করেছি। নিশ্চয়ই দর্শকদেরও ভালো লাগবে।’

একই অনুষ্ঠানে একটি গুজরাতি গানের সঙ্গে নৃত্য পরিবেশন করলেন অভিনেত্রী তারিন। নৃত্যের একটি দৃশ্যে সহশিল্পীদের সঙ্গে তারিন বলেন, ‘খুব ভালো লাগছে। প্রায় ১৫ বছর পর পারফর্ম করলাম। এবার পারফর্ম করতে গিয়ে বিটিভির সেট ডিজাইন, অনুষ্ঠান উপস্থাপনার পাশাপাশি প্রযুক্তিগত উন্নতি দেখে আরও ভালোলাগা কাজ করেছে। আমার বিশ্বাস বিটিভির এই পরিবর্তন অন্য শিল্পীদেরও মুগ্ধ করবে। সবাই আবার বিটিভিমুখী হবেন।’
এবারের ‘আনন্দমেলা’ প্রচারিত হবে ঈদুল আজহার রাত ১০টার ইংরেজি সংবাদের পর। অনুষ্ঠানটি প্রযোজনা ও পরিচালনা করেছেন মাহফুজা আক্তার।
বিজনেস বাংলাদেশ-/এমএ


























