হিন্দি ছবি ‘অর্জুন পাটিয়ালা’র একটি আইটেম গানের কথা। এতে বলিউড অভিনেত্রী সানি লিওন ঘটনাক্রমে দিল্লির একজন বাসিন্দার মোবাইল নম্বর নিজের হিসেবে জানিয়ে দেন। ব্যস, এরপর থেকে লোকটার জীবন হয়ে ওঠে দুর্বিষহ। এ কারণে তার কাছে ক্ষমা চাইলেন ৩৮ বছর বয়সী এই তারকা।
ভারতীয় চ্যানেল জুম টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যে পরিস্থিতি তৈরি হয়েছে তা হোক আমি চাইনি। এজন্য ক্ষমা চাচ্ছি।’
‘অর্জুন পাটিয়ালা’ ছবির গানে সানি লিওনের জানানো মোবাইল নম্বরটি ২৭ বছর বয়সী পুনীত আগারওয়ালের। দিল্লির উত্তর-পশ্চিমের আবাসিক এলাকা পিতামপুরার ওই বাসিন্দা শত শত ফোন পাওয়ায় পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন।
পুনীত বলেন, ‘গত ২৬ জুলাই ছবিটি মুক্তির পর থেকে অপরিচিত মানুষ আমার মোবাইল নম্বরে ফোন করে সানি লিওনর সঙ্গে কথা বলতে চাচ্ছে। শুরুতে ভেবেছিলাম কেউ আমার সঙ্গে মজা করছে। পরে জানতে পারি আমার মোবাইল নম্বর ব্যবহার করা হয়েছে। সানি লিওন আমার মোবাইল নম্বর নিজের নম্বর হিসেবে বলেছেন।’
মোবাইল নম্বরটির এই মালিক জানান, দিনে ১০০ থেকে ১৫০টি কল পাচ্ছেন তিনি। অপর প্রান্ত থেকে বেশিরভাগ মানুষই অশ্লীল কথাবার্তা বলে তাকে। অনেকে ভিডিও কলে আসতে চায়। এটি সানি লিওনির নম্বর না জানালে গাল দিয়ে বসে তারা।
জানা গেছে, ‘অর্জুন পাটিয়ালা’র নির্মাতাদের এবার আদালতের কাঠগড়ায় নিয়ে যেতে চান পুনীত আগারওয়াল। ছবিটিতে আরও অভিনয় করেছেন কৃতি স্যানন ও বরুণ শর্মা।
বিজনেস বাংলাদেশ-/এমএ/বিএইচ


























