হঠাৎ করেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ঢালিউড অভিনেত্রী ও চলচ্চিত্র প্রযোজক ইয়ামিন হক ববি। গতকাল মঙ্গলবার রাতে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে। বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন নায়িকা নিজেই।
ববি বলেন, ‘গত কয়েকদিন ধরেই আমি জ্বর জ্বর অনুভব করছিলাম। কিন্তু দেশের ডেঙ্গু প্রকোপ দেখে গতকাল হঠাৎ করেই মনে হলো আমার রক্তটা পরীক্ষা করা দরকার। পরে স্কয়ার হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে।’
আপাতত কিছুটা সুস্থবোধ করলেও ডাক্তাররা আরও বেশ কয়েকদিন বিশ্রামে থাকতে বলেছেন বলে জানান এই চিত্রনায়িকা। পাশাপাশি নিজের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন ববি।
সম্প্রতি ববি ভারতীয় বাংলা ছবিতে অভিনয় করেছেন। কলকাতার প্রোডাকশনের ছবিটির নাম ‘রক্তমুখী নীলা’। এই ছবিতে ববির বিপরীতে সব্যসাচী মিশরা অভিনয় করেছেন। ছবির কাজ শেষ হয়েছে। এটি পরিচালনা করেছেন ভারতের জয়দীপ মুখার্জি।
এদিকে মুক্তির প্রতিক্ষায় রয়েছে ববি অভিনীত‘বৃদ্ধাশ্রম’ও ‘বেপরোয়া’নামের দুটি ছবি। বি হ্যাপি এন্টারটেইনমেন্ট প্রযোজিত ‘বৃদ্ধাশ্রম’ নিয়ে তিনি বলেন, এ ছবিতে আমার বিপরীতে অভিনয় করেছেন সংগীতশিল্পী এসডি রুবেল।
২০১৫-২০১৬ সালের অনুদান পাওয়া এ ছবিটি পরিচালনা করেছেন স্বপন চৌধুরী।
‘বেপরোয়া’ ছবিটি কোরবানির ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এটি প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া। এতে ববির বিপরীতে অভিনয় করেছেন রোশান।
বিজনেস বাংলাদেশ-বি/এইচ
























