আসছে ১৩ সেপ্টেম্বর ঢাকাসহ সারাদেশে মুক্তি পাবে তিশা – ইয়াশ অভিনীত অরুণ চৌধুরীর চলচ্চিত্র ‘মায়াবতী’ ছবিটি। ‘মায়াবতী’-তে চুক্তিবদ্ধ হয়েই আলোচনায় আসে এই জুটি।
এই জুটিকে বড় পর্দায় দেখার অপেক্ষায় আছেন অনেকেই। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে ঘোষিত হলো ছবিটির মুক্তির তারিখ।
এ ছবিতে মায়াবতী চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। আর তিশার বিপরীতে অভিনয় করেছেন স্বপ্নজাল খ্যাত নায়ক ইয়াশ রোহান। গত ১৭ জুন সেন্সর সনদপত্র পায় ‘মায়াবতী’। ২ ঘন্টা ২০ মিনিট ব্যাপ্তির এ ছবির গল্প গড়ে উঠেছে ‘ওমেন ট্র্যাফিকিং’ নিয়ে।
এই ছবিতে দেখা যাবে, ‘মায়া’ নামের এক কিশোরী ছোটবেলায় মায়ের কাছ থেকে চুরি হয়ে বিক্রি হয় দৌলতদিয়ার। সেখানে বেড়ে ওঠে সে, সংগীত গুরু খোদাবক্স তাকে বড় করে তোলে। এই সময় ব্যারিস্টার পুত্রের প্রেমে পড়ে মায়া।
এ চলচ্চিত্রের মাধ্যমে অভিনেত্রী তিশা এবারই প্রথম কোনও চলচ্চিত্রের নাম ভূমিকায় অভিনয় করলেন।আর ‘স্বপ্নজাল’র নায়ক ইয়াশ রোহানের বিপরীতেও তিশার এটি প্রথম চলচ্চিত্র।
ছবিটিতে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, রাইসুল ইসলাম আসাদ, দিলারা জামান, মামুনুর রশীদ, ওয়াহিদা মল্লিক জলি, আফরোজা বানু, অরুনা বিশ্বাস, তানভীর হোসেন প্রবাল, আগুন প্রমুখ।
ছবিটির চিত্রগ্রহণে ছিলেন তানভীর আনজুম। নির্মাতা সূত্রে জানা গেছে, দেশে মুক্তি পাবার পর বিশ্বের বিভিন্ন দেশে ‘মায়াবতী’ ছড়িয়ে দেবার প্রস্তুতি চলছে।
বিজনেস বাংলাদেশ-/এমএ


























