ফ্রান্সে জি৭ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ২৬ আগস্ট (সোমবার) বৈঠকে বসতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ধারণা করা হচ্ছে, এ বৈঠকে জম্মু-কাশ্মীরের পরিস্থিতি ও বাণিজ্য—এ দুই বিষয়েই প্রধানত আলোচনা হতে পারে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি এসব তথ্য জানিয়েছে।
৩৭০ অনুচ্ছেদ বাতিলকে ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে মনে করলেও ট্রাম্প ওই রাজ্যে জারি করা নিষেধাজ্ঞা, বিপুলসংখ্যক রাজনীতিবিদের গ্রেপ্তার ও মানবাধিকারসহ বিভিন্ন বিষয়ে মোদির সঙ্গে কথা বলতে পারেন।
এক মার্কিন কর্মকর্তা বলেন, ‘ট্রাম্প মূলত মোদির কাছ থেকে শুনতে চান কাশ্মীরের আঞ্চলিক উত্তেজনা প্রশমন এবং সেখানকার মানবাধিকার রক্ষায় বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের অংশ হিসেবে ভারত কী ভূমিকা পালন করবে।
হোয়াইট হাউসে সাংবাদিকদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘কাশ্মীর একটি অত্যন্ত জটিল জায়গা। সেখানে হিন্দু আছে, মুসলমানও আছে। আমি বলতে পারি না, তারা একসঙ্গে খুব ভালো আছে। আমি মধ্যস্থতা করলে সেরাটা দেওয়ার চেষ্টা করব।’
ট্রাম্প আরো বলেন, ‘আপনাদের দুই দেশ দীর্ঘ সময় ধরেই ভালো নেই। সত্যি বলতে কি, এটা অত্যন্ত বিস্ফোরক পরিস্থিতি।’
বিজনেস বাংলাদেশ-/এমএ
























