নঈম ইমতিয়াজ নেয়ামূল পরিচালিত ‘গাঙচিল’ সিনেমায় জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন গ্রাম্য চেয়ারম্যান চরিত্রে অভিনয় করবেন।
ছোট পর্দায় অভিনয় করে অনেক আগেই দর্শকপ্রিয়তা পেয়েছেন। বড় পর্দায়ও তার অভিনয়ে মুগ্ধ হয়েছে দর্শক। সিনেমাপ্রেমীদের উপহার দিয়ে চলেছেন ব্যবসাসফল চলচ্চিত্র। এরই ধারাবাহিকতায় এবার ‘গাঙচিল’ সিনেমায় অভিনয় করছেন তিনি।
সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত আছেন তিনি। নোয়াখালীর বিভিন্ন স্থানে সিনেমাটির শুটিং করছেন। এতে তার বিপরীতে অভিনয় করছেন ইমু।
আনিসুর রহমান মিলন বলেন, ‘গ্রামের একজন পজেটিভ মাইন্ডের ছেলের চরিত্রে অভিনয় করছি। এতে আমার চরিত্রের নাম ইকবাল। চর ফকির হাটের চেয়ারম্যান দুর্নীতিগ্রস্ত থাকেন। তার সঙ্গে নানা বিষয় নিয়ে ঝামেলা লেগে থাকে। এক সময় গ্রামের লোকজন ইকবালকে চেয়ারম্যান প্রার্থী করে নির্বাচনে দাঁড় করায়। এর পর তৈরি হতে থাকে নানা জটিলতা। এভাবেই এর গল্প এগিয়েছে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের লেখা উপন্যাস ‘গাঙচিল’। নোয়াখালীর একটি চর ও সেখানকার মানুষের জীবনের নানা গল্প উপন্যাসটির উপজীব্য বিষয়। এ উপন্যাস অবলম্বনে পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামূল নির্মাণ করছেন ‘গাঙচিল’ সিনেমা। এতে মিলন-ইমু ছাড়াও জুটি বেঁধে অভিনয় করছেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা।
এছাড়া ‘লাগ ভেলকি’ সিনেমায় নতুন লুকে দর্শকদের সামনে হাজির হবেন মিলন। ‘শরৎচদ্র কাঠগড়ায়’, ‘পাপ কাহিনি’সহ বেশ কয়েকটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা।
বিজনেস বাংলাদেশ-/এমএ


























