দুই নায়িকা নিয়ে কাজী হায়াতের ৫০তম চলচ্চিত্র ‘বীর’ সিনেমায় অভিনয় করছেন সুপারস্টার শাকিব খান। তাঁর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন র্যাম্প মডেল আরিয়ানা জামান। এরই মধ্যে ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এর আগে ছবির নায়িকা হিসেবে বুবলীর নাম ঘোষণা করা হয়েছিল। তবে সিনেমার মূল নায়িকা কে?
এ ব্যাপারে প্রযোজক মোহাম্মদ ইকবাল বলেন, ‘আরিয়ানাকে নিলেও সিনেমার মূল নায়িকা থাকবেন শবনম বুবলী।
ছবির মূল নায়িকা জানিয়ে কাজী হায়াৎ বলেন, ‘‘আমার ‘বীর’ ছবিতে শাকিব খানের বিপরীতে দুজন নায়িকা অভিনয় করছেন। এর মধ্যে একজন আরিয়ানা, আরেকজন নায়িকা বুবলী। ছবিতে মূল নায়িকা হিসেবে অভিনয় করছেন বুবলীই। ইতোমধ্যে আমরা কিছু কাজ শেষ করেছি। আগামী মাসে শাকিব -বুবলীকে নিয়ে ছবির বাকি শুটিং করব।’’
গত বছর ডিসেম্বরে ছবির একটি গানের সংগীত ধারণের মধ্য দিয়ে যাত্রা শুরু হয় চলচ্চিত্র ‘বীর’। ঢাকার মগবাজারের একটি স্টুডিওতে সংগীতটি ধারণ করা হয়। আর এতে কণ্ঠ দেন স্বয়ং সুপারস্টার শাকিব খান।
এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে শাকিব খান অভিনীত শাপলা মিডিয়ার ‘শাহেনশাহ’। সিনেমায় শাকিব খানের বিপরিতে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া ও রোদেলা জান্নাত। শামীম আহমেদ রনি পরিচালিত ‘শাহেনশাহ’ মুক্তি পাবে আসছে পূজায়।
বিজনেস বাংলাদেশ-বি/এইচ


























