আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত ‘সাপলুডু’ ছবিটি এখন মুক্তির অপেক্ষায়। আগামী ২৭ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে গোলাম সোহরাব দোদুল পরিচালিত এই ছবিটি। এরই মধ্যে প্রকাশ হয়েছে এর পোস্টার ও ট্রেলার। তারই ধারাবাহিকতায় এবার প্রকাশ হলো ছবির একটি গান। শিরোনাম ‘কিছু স্বপ্ন’।
আরিফিন শুভ বলেন, ‘বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে আমরা এমন মুহূর্তে দাঁড়িয়ে আছি, এখন দর্শকের সাপোর্ট খুব প্রয়োজন। আমরা এই ছবিটা করেছি দর্শকদের জন্য। দর্শকই এর বিচার করবে। আমরা একটা সাদামাটা গল্পকে ভিন্নভাবে বলার চেষ্টা করেছি। অনুরোধ থাকবে, ছবিটি হলে গিয়ে দেখার। আশা করি, কোন দর্শক হতাশ হবে না।’
বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘সাপলুডু’ ছবিতে গান থাকছে চারটি। এগুলোর শিরোনাম ‘ময়না ধুম ধুম’, ‘শুভ জন্মদিন’, ‘কিছু স্বপ্ন’ ও ‘ইয়া খুদা’। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার, আঁখি আলমগীর, তানভীর আলম সজীব, কনা, হৃদয় খান, পড়শি ও ইমরান।
শুভ-মিমের পাশাপাশি ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, তারিক আনাম খান, জাহিদ হাসান, শতাব্দী ওয়াদুদ, রুনা খানসহ অনেকে।
বিজনেস বাংলাদেশ-বি/এইচ


























