তেল আবিব আবারও লেবাননে হামলা চালালে প্রতিটি ইসরাইলি সেনার জীবন ঝুঁকির মধ্যে পড়বে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন লেবাননভিত্তিক সামরিক রাজনৈতিক সংগঠন হিজবুল্লাহ। হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ সোমবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ হুঁশিয়ারি দেন।
তিনি বলেন, হিজবুল্লাহর যোদ্ধারা রোববার ইসরাইলি সামরিক যানে হামলা চালিয়ে তেল আবিবকে যে বার্তাটি দিয়েছে তা হলো- তোমরা যদি হামলা করো তাহলে তোমাদের কোনো সীমান্ত এবং একজন সেনারও নিরাপত্তার গ্যারান্টি থাকবে না। লেবাননে হামলা চালিয়ে নিরাপদে পালিয়ে যাওয়ার দিন ইসরাইলের জন্য শেষ হয়ে গেছে। গত সপ্তাহে লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর মিডিয়া সেন্টারে ড্রোন হামলা চালিয়েছিল ইসরাইল।
জবাবে হিজবুল্লাহ মহাসচিব নাসরুল্লাহ নিশ্চিতভাবে প্রতিশোধমূলক হামলার প্রত্যয় জানিয়েছিলেন। রোববার হিজবুল্লাহ যোদ্ধারা একটি ইসরাইলি সামরিক যানে হামলা চালিয়ে হুমকি বাস্তবায়ন করে। অবশ্য তেল আবিব দাবি করেছে, হিজবুল্লাহর ওই ক্ষেপণাস্ত্র হামলায় তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
হিজবুল্লাহ মহাসচিব তেল আবিবকে উদ্দেশ করে বলেন, এখন থেকে তোমরা ১ সেপ্টেম্বর তারিখটির কথা মনে রেখো; কারণ, এই দিনে তোমাদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ সংগ্রামের নয়া অধ্যায় সূচিত হয়েছে।
























