যখন স্পেনে ছিলেন তখন অবশ্য কেউ কাউকে এমন প্রস্তাব দেননি। তবে কি দূরে গিয়ে মায়া বাড়ল! ক’দিন আগে মোনাকোতে উয়েফার বর্ষসেরার অনুষ্ঠানে মেসিকে পেয়ে বেশ আড্ডা জমান সিআর সেভেন। সেখানেই আবার শুনিয়েছেন মেসিকে নিয়ে ডিনারে যাওয়ার কথা। সম্প্রতি স্প্যানিশ ক্রীড়া দৈনিক স্পোর্তকে দেওয়া সাক্ষাৎকারে বার্সা তারকাও ইয়েস বলেছেন। যদি আমন্ত্রণ পান তাহলে রোনালদোর ডিনারে যাবেন মেসি
প্রশ্ন :গত মৌসুমটা খুব একটা ভালো যায়নি। অবশ্য ব্যক্তিগতভাবে আপনি সফল ছিলেন। কী বলবেন?
মেসি :দেখুন, আমরা ভালোই এগোচ্ছিলাম। শেষ দুটি ম্যাচ বাদ দিলে দারুণ একটা মৌসুম হতে পারত; কিন্তু হলো না। চ্যাম্পিয়ন্স লীগে একটা হার আমাদের সব কেড়ে নিয়েছে। কোপা দেল রের ফাইনালও তেমন ছিল। যদিও আমরা সে প্রতিযোগিতার শুরুতে ভালো করি, কিন্তু দ্বিতীয়ার্ধ মোটেও সুখকর ছিল না। সব মিলিয়ে আমাদের মৌসুমটা বাজে কেটেছে, কেননা লা লিগা ছাড়া কিছুই পাইনি আমরা।
প্রশ্ন :আপনি তো ব্যালন ডি’অরের তালিকায় আছেন। নিজেকে কি ফেভারিট মনে করছেন?
মেসি :আমি জানি না। আসলে এটা একেবারে হলফ করে বলা মুশকিল। কেউই জানে না ব্যালন ডি’অরে ফেভারিট নামটা। মাঝে মধ্যে এটা বিশ্বকাপের পারফর্মের ওপর নির্ভর করে। আবার কখনও ক্লাব পারফরম্যান্স। সত্যি করে বলতে, এমন নির্দিষ্ট কোনো ক্যাটাগরি নেই যার ওপর ভিত্তি করে কাউকে এই পুরস্কার দেওয়া হয়।
প্রশ্ন :কেমন হবে এবারের মৌসুম। আপনি দলনেতা, টেনশনটা কেমন?
মেসি :আমি এ নিয়ে উদ্বিগ্ন নই। যদিও নতুন মৌসুমের শুরুটা আমাদের আশানুরূপ হয়নি। দলের একাধিক খেলোয়াড় চোটের সঙ্গে লড়াই করছে। তার পরও আমরা জয়ে ফিরেছি। এটা আমাদের জন্য ইতিবাচক। আমার বিশ্বাস, জয়ের ধারাটা অব্যাহত রাখতে পারলে এবার চমৎকার একটা মৌসুমের স্বাদ পাব আমরা।
প্রশ্ন :চ্যাম্পিয়ন্স লীগ নিয়ে এবার কতটুকু আশাবাদী। যদি কোনো কারণে লা লিগা হাতছাড়াও হয়।
মেসি :না, তেমন কিছু না। মৌসুমের শুরু থেকে আমাদের একটা টার্গেট থাকে সবকিছু জয় করা। আগেরবারও আমি বলেছি, এবারও বলছি। চেষ্টা থাকবে নিজেদের সেরাটা দিয়ে সবখানে আলো ছড়ানো। তবে এটা ঠিক, চ্যাম্পিয়ন্স লীগের প্রতি আমাদের টানটা একটু বেশি। কেননা অনেক দিন ধরে আমরা এই শিরোপার দেখা পাচ্ছি না। তাই বলে লীগে কোনো ছাড় দিতে চাই না। আমদের মিশন দুটি শিরোপাই জেতা।
প্রশ্ন :বার্সা নেইমারকে ফিরিয়ে আনতে চেয়েছিল কিন্তু পারেনি। আপনি কি নেইমারকে ক্যাম্প ন্যুতে চান?
মেসি :অবশ্যই, সে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। সে এলে আমাদের সুযোগটা আরও বাড়বে। আমি জানি কেন একটা শ্রেণি তার বিপক্ষে। নেইমার বার্সা ছাড়ার সময় একটু বাজে অভিজ্ঞতা হয়েছিল। আসলে পেশাদার ফুটবলে এটা নতুন কিছু নয়। আর তাকে আনতে দল কীভাবে কী করছে, এটা আমি পরিস্কার জানি না। আদৌ তার জন্য প্রাণপণ চেষ্টা করছে কি-না বলতে পারব না।
প্রশ্ন :সম্প্রতি ক্রিশ্চিয়ানো রোনালদো আপনাকে নিয়ে ডিনার করার কথা বলেছেন। তার আমন্ত্রণ পেলে আপনি কি ডিনারে যাবেন?
মেসি :হ্যাঁ, কেন নয়। তার সঙ্গে আমার কোনো সমস্যা নেই। সে আমার বন্ধু নয়, কেননা তার সঙ্গে আমি কখনও ড্রেসিংরুম শেয়ার করিনি। জানি না কখনও একসঙ্গে ডিনারের সুযোগ হবে কি-না। তবে নিমন্ত্রণ পেলে অবশ্যই যাব।
বিজনেস বাংলাদেশ/এম মিজান


























