মাদারীপুরের কালকিনি উপজেলার পাথুরিয়াপাড় বাজারে আগুন লেগে ৯ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ভুক্তভোগীদের দাবি। শুক্রবার (১৩সেপ্টেম্বর) ভোর পাঁচটার দিকে একটি দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সুত্রপাত হতে পারে বলে ধারনা করা হয়েছে। এদিকে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে উপজেলা প্রশাসনের কাছে সহযোগীতা চেয়ে আবেদন করা হয়েছে।
ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানায়, পাথুরীয়ারপাড় বাজারে বেশীর ভাগ দোকানের মালিকরা রাতে দোকানে থাকেন না। ভোর পাঁচটার দিকে বাজারে পাশেই অন্য দোকানের মালিকরা ফজরের নামাজের জন্য মসজিদে আসলে হঠাৎ দেখতে পায় বাজারে আগুন জ্বলছে। তারা দেখে মাদারীপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে । তবে ততক্ষণে মের্সাস সরদার স্টোর, হাওলাদার ইলেকট্রিক, ইমরান কসমেটিক, সজিব স্টোর, ঝান্টু স্টোর, শিপন স্টোর, কুদ্দুস ইলেকট্রনিক্স ও সামচু ফল ভান্ডারের সকল মালামালসহ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ৯টি দোকানের মালিকের দাবী তাদের মোট কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ধারণা করা হয়েছে ইব্রাহীমের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগুনের সূত্রপাত ঘটে।
এদিকে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলামের কাছে সহযোগীতা চেয়ে আবেদন করা হয়েছে।
মাদারীপুর ফায়ার সার্ভিসের সাব অফিসার, মো. সিরাজুল ইসলাম বলেন, আনুমানিক ভোর ৫ টার দিকে বাজারে আগুন লেগেছে । তখন তারা ফোনে আমাদের এ বিষটি অবগত করলে আমরা দ্রুত পদক্ষেপ নেয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে ৯ টি দোকান পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সট-সার্কিটের মাধ্যমে এই আগুন লাগতে পারে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে আবেদন পেয়েছি। তাদের সহযোগীতা করা হবে।
বিজনেস বাংলাদেশ-/ ইএম




















