নবনিযুক্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলামের প্রথম কর্মদিবসে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন।
শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে ধানমন্ডি ৩২-এর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন ডিএমপির নবনিযুক্ত এই কমিশনার। এ সময় তিনি জাদুঘরে রক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষরও করেন।
পরে তিনি রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের স্মৃতির প্রতি সম্মান জানান।
১৯৬২ সালের ৩০ অক্টোবর জন্ম নেয়া নতুন ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলামের গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায়। ১৯৮৯ সালে বাংলাদেশ পুলিশ সার্ভিসে যোগদান করেন তিনি।
চাকরি জীবনে শফিকুল ইসলাম পুলিশ সুপার হিসেবে নারায়ণগঞ্জ, পটুয়াখালী, সুনামগঞ্জ ও কুমিল্লা জেলায় দায়িত্ব পালন করেন। এছাড়াও পুলিশ কমিশনার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ, ডিআইজি ঢাকা রেঞ্জ, এন্টি টেররিজমের প্রধান (অ্যাডিশনাল আইজি), অ্যাডিশনাল আইজিপি (এইচআরএম) পুলিশ হেডকোয়ার্টার্স ও অ্যাডিশনাল আইজিপি সিআইডি হিসেবে দক্ষতা ও সাফল্যের সাথে দায়িত্ব পালন করেছেন।
ডিএমপি’র ৩৪তম কমিশনার শফিকুল ইসলাম কর্মজীবনে তাঁর পেশাদারিত্ব ও দক্ষতার জন্য একাধিকবার বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) পদকে ভূষিত হন।
সর্বশেষ শফিকুল ইসলাম পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বিজনেস বাংলাদেশ/ শেখ
























