ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নেমেছে বাংলাদেশ-আফগানিস্তান। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩০ মিনিটে শুরু হয়েছে ম্যাচটি। টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন আফগান অধিনায়ক রশিদ খান।
ইনিংসের প্রথম বলেই আফগান ওপেনারকে ফিরিয়ে দিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। এরপর দলীয় ১০ রানে আফগান বিধ্বংসী ব্যাটসম্যান জাজাইকে সাজঘরে পাঠালেন দলনেতা সাকিব। আগের বলে ছক্কা খেয়ে পরের বলেই তারাকাইকে ফিরিয়ে প্রতিশোধ নিলেন সাইফউদ্দিন। আবারো উড়িয়ে মারতে গিয়ে তালুবন্দী হন সাব্বিরের। ১৩ বলে ১১ রান করে সাজঘরে ফিরলেন তারাকাই।
এরপর আগের ম্যাচে জিম্বাবুয়েকে বিধ্বস্ত করা জাদরানকে ফিরিয়ে নিজের দ্বিতীয় শিকার তুলে নিয়েছেন সাকিব। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভারে ৪ উইকেট হারিয়ে আফগানদের সংগ্রহ ৪৪ রান।
ক্রিকেটের তিন সংস্করণের মধ্যে টাইগারদের সবচেয়ে খারাপ রেকর্ড টি-টোয়েন্টিতে। এ ফরম্যাটে আইসিসি র্যাংকিংয়ে টাইগারদের অবস্থান ১০ নম্বরে। সেখানে আফগানিস্তান এ ফরম্যাটে অনেকটা এগিয়ে। র্যাংকিংয়ের ৭-এ অবস্থান তাদের।
বাংলাদেশ একাদশ:
লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম এবং মোস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ:
হজরতউল্লাহ জাজাই, রহমানুল্লাহ গুরবাজ, নাজিব তারাকাই, আসগর আফগান, মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, গুলবাদিন নাইব, রশিদ খান, করিম জানাত, ফরিদ আহমেদ এবং মুজিব উর রহমান।
বিজনেস বাংলাদেশ/ শেখ


























