সৈকতে বেজে উঠবে নূপুর। ঢেউয়ের তালে নেচে উঠবেন একঝাঁক নৃত্যশিল্পী। প্রতিবারের মতো আসছে শীতেও অতিথি পাখি আর পর্যটকের আনাগোনা বাড়বে।
বিশেষ করে সমুদ্রকন্যা কক্সবাজারের সৈকতে বসবে নানা সংস্কৃতির মানুষের মেলা। সেই আনন্দে নতুন মাত্রা যোগ করতে সৈকতে বসতে যাচ্ছে চার দিনের নাচের উৎসব ‘ওশান ডান্স ফেস্টিভ্যাল-২০১৯’।
আগামী ২২ থেকে ২৫ নভেম্বর কক্সবাজারের সৈকতে বসতে যাচ্ছে এ উৎসব। বিশ্বব্যাপী নৃত্যশিল্পীদের সংগঠন দ্য ওয়ার্ল্ড ডান্স অ্যালায়েন্স-এশিয়া প্যাসিফিকের (ডব্লিউডিএ-এপি) বার্ষিক সভার আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশে।
একই সময়ে ডব্লিউডিএ-এপির বাংলাদেশ শাখা নৃত্যযোগ প্রথমবারের মতো শুরু করতে যাচ্ছে ‘ওশান ডান্স ফেস্টিভ্যাল’ নামের একটি দ্বি-বার্ষিক নৃত্য উৎসব। বাংলাদেশের সমুদ্র সৈকতের সৌন্দর্যের সঙ্গে সাংস্কৃতিক পর্যটনের মেলবন্ধন রচনার জন্যই এই আয়োজন।
এশিয়ার ১৫টি দেশ থেকে এ উৎসবে যোগ দেবেন প্রায় দুই শতাধিক নৃত্যশিল্পী, শিক্ষক, গবেষক ও কোরিয়োগ্রাফার।
বিজনেস বাংলাদেশ/এম মিজান




















