কণ্ঠশিল্পী মেহরাবের ‘আকাশী রঙ’ শীর্ষক নতুন একটি গান প্রকাশিত হয়েছে। স্কুলের ঘনিষ্ঠ বন্ধু শোয়েব লিয়াকতের লেখা ও সুর করা গানটির লিরিকাল ভিডিও গত ১১ অক্টোবর মুক্তি পেয়েছে মেহরাবের নিজস্ব ইউটিউব চ্যানেলে। সঙ্গীত পরিচালনা করেছেন মেহরাব নিজেই।
এর আগে আরটিভি মিউজিক ইউটিউব চ্যানেল থেকে এই বছর মার্চে এসেছিল ‘আমি তো শুধু ভালোবাসতেই চাই’ ও এপ্রিলে এসেছিল পহেলা বৈশাখ নিয়ে গান ‘এলোরে বৈশাখ’ শীর্ষক গানটি।
মেহরাব বলেন, ‘ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি। আরও কিছু কাজ হাতে আছে। আরেকটু গুছিয়ে ক্রমান্বয়ে গানগুলো রিলিজ দেওয়া হবে। এ সময় ইউটিউব চ্যানেল সম্পর্কে বলেন, নতুন গানগুলো এখানে শুনতে পারবেন।’
জনপ্রিয় সঙ্গীত পরিচালক প্রিন্স মাহমুদের সুর ও সঙ্গীত আয়োজনে গাঙচিল ব্যানার থেকে ডুয়েট অ্যালবাম ‘আড্ডা’ ২০০৬-তে, ‘বোকা’ নামক মিক্সড অ্যালবামে একটি গান ‘রাত’ ২০০৭-তে এবং লেজার ভিশন ব্যানার থেকে ‘প্রিন্স মাহমুদের গান’ নামক মিক্সড অ্যালবাম ২০০৮-তে মেহরাব কণ্ঠ দেন।
২০১০-তে তানভীর তারেকের মিক্সড অ্যালবাম ‘কাহাতক’ টাইটেল গানেও কণ্ঠ দিয়েছেন মেহরাব। নিজের সুর ও সঙ্গীত আয়োজনে প্রথম একক অ্যালবাম ‘সাইরেন’ ও প্রকাশ পেয়েছিল ২০১০-তে। ২০১৬-তে জনপ্রিয় সঙ্গীত পরিচালক পার্থ মজুমদার এর সুর সঙ্গীতে “সঙ্গীতা” ব্যানার থেকে তাদের ইউটিউব চ্যানেলে ‘তিনটি এক্সক্লিউসিভ’ গান রিলিজ হয় শিল্পী মেহরাবের।
বিজনেস বাংলাদেশ-বি/এইচ


























