দীর্ঘ দিনের প্রেমিককে বিয়ে করতে যাচ্ছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। পাত্র নেহাল সুনন্দ তাহের। চলতি মাসের ২৫ তারিখ তাদের বিয়ে অনুষ্ঠিত হচ্ছে বলে একাধিক ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে।
জানা গেছে, পাত্র নেহাল সুনন্দ তাহের পেশায় একজন ইঞ্জিনিয়ার। তার দেশের বাড়ি চাঁদপুর। বর্তমানে তিনি একটি বেসরকারি টেলিভিশনে কর্মরত আছেন। নেহালের বাবা মরহুম আবু তাহের ছিলেন বাংলাদেশ বেতারের সাবেক উপ মহাপরিচালক ও মা উম্মে কুলসুম ঢাকার একটি কলেজের কো-অর্ডিনেটর অফিসার।
এ বিষয়ে একাধিকবার সাবিলা নূরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যানি। নাম প্রকাশ না করার শর্তে সাবিলা নূরের ঘনিষ্ঠ এক বন্ধু জানিয়েছেন, সাবিলা নূরের গায়ে হলুদ চলতি মাসের ২৪ তারিখ। ২৫ তারিখ তাদের বিয়ে আর বৌভাত ২৭ তারিখ। বিয়ের কার্ডে সাবিলার সঙ্গে তার হবু স্বামীর ছবিও প্রকাশ করা হয়েছে।
তিনি আরও জানান, রাজধানীর বেইলি রোডে অবস্থিত অফিসার্স ক্লাবে বিয়ের আয়োজন সম্পন্ন হবে।
উল্লেখ্য, ২০১৪ সালে মডেলিংয়ের মধ্য দিয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন সাবিলা নূর। এরপর একাধিক বিজ্ঞাপন ও নাটকে কাজ করেছেন এই অভিনেত্রী। সাবিলা অভিনীত প্রথম নাটক ‘ইউ টার্ন’।
বিজনেস বাংলাদেশ-বি/এইচ


























