ঢাকা: টানা ২২ দিন চিকিৎসা শেষে মৃত্যুর মুখ থেকে বেঁচে বাসায় ফিরলেও শরীর খুব একটা ভালো নেই জানালেন ছোট পর্দার পরিচিত মুখ মডেল ও অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান।। তিনি সোমবার ( ২১ অক্টোবর) বিকেলে মুঠোফোনে বিজনেস বাংলাদেশকে জানান এই কথা। গত ১৮ অক্টোবর তিনি বাসায় ফিরেছেন।
প্রিয়াঙ্কা বলেন, বাসায় ফিরলেও খুব একটা সুস্থ না। গলা দিয়ে ভালো করে কথা বলতে পারছি না। আরও সপ্তাহ খানেক রেস্টে থাকতে হবে ডাক্তার বলেছে। তবে যে টুকু সুস্থ হয়ে বাসায় ফিরেছি আল্লার কাছে লাখো শুকরিয়া। মহান আল্লাহর কাছে অসীম কৃতজ্ঞতা তিনি আমাকে নতুন জীবন দিয়েছেন। নতুন জীবন নিয়ে ফিরে আসার পর জীবনটাকে আরো নতুন করে সাজাতে চাই আমি। হাসপাতালে অসুস্থাবস্থায় আমার বোন লিজা আমাকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন। তার নিজের দিকে না তাকিয়ে আমার জন্যই দিন রাত শ্রম দিয়েছেন। আর সংবাদ মাধ্যমগুলো সংবাদ প্রকাশ করে আমার পাশে ছিলো প্রতিটি দিন। প্রতিটি ক্ষণ। সংবাদ মাধ্যমের এই অবদান আমি কোনদিনই ভুলবোনা।
আমার জন্য সবাই দোয়া করবেন যাতে দ্রুত আরো সুস্থ হয়ে আমি আবার কাজে ফিরতে পারি। এই সময় প্রিয়াংকা বেশ আবেগাপ্লুত হয়ে পড়েন। কাঁদতে থাকেন। তিনি কন্ঠশিল্পী আঁখি আলমগীরের প্রতি কৃতঞ্জতা প্রকাশ করেন। বলেন অনেকেই আমার পাশে দাঁড়িয়ে ছিলেন। অনেকের নাম আমার মনে আসছে না। ভুলে যাই। মনে রাখতে পারছি না। আমি এখনো পুরোপুরি সুস্থ নই। আপনারা আমার জন্য দোয়া করবেন।
হঠাৎ করে শরীরে রক্তে বিষক্রিয়া হয়ে যাওয়াতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বেশ কিছুদিন লাইফ সাপোর্টে থাকেন। টানা ২২ দিন তিনি হাসপাতালে চিকিৎসাধীন শেষে কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।
স্কয়ার হাসপাতালে ২২ দিনের মধ্যে আটদিন তিনি ছিলেন লাইফ সাপোর্টে। তাঁর অসুস্থতার সময় তার নিকট স্বজনরা এ খবরটি সোস্যাল মিডিয়া জানান দেন। এটি ভাইরাল হয়ে পড়ে। জানা-অজানা মানুষ তাঁর প্রতি সহানুভূতির হাত বাড়িয়ে দেন। মিডিয়া তাঁর সংবাদটি ফলাও করে প্রচার হয়। শোবিজের লোকেরা তাঁর প্রতি ভালোবাসায় এগিয়ে যান। তাঁর মা-খালা থেকে শুরু করে পরশী সকলেই প্রিয়াংকা জামানের রোগমুক্তিতে দোয়া চান। মসজিদে মসজিদে চলে দোয়া। দান-খয়রাত। দেশে- প্রবাস থেকে খোঁজ রাখেন অনেকেই। মক্কা শরীফেও তাঁর রোগমুক্তিতে নফল নামাজ ও দোয়া করেন মক্কা প্রবাসীরা। আল্লাহ তাঁর দিকে রহমতের দুয়ার খুলে দেন। শেফা পান রোগ থেকে। ফিরেন মা’র কুলে। হাসি ফুটে তাঁর পরিবারে।
হাসপাতালে থাকাকালীন সময়ে তার নিকট স্বজনরা ওই সময়কালে সংবাদ মাধ্যমের কাছ থেকে প্রতিদিনের আপডেট সংক্রান্ত সংবাদ নিয়ে যে ধরনের সহযোগিতা পেয়েছেন তার জন্য প্রিয়াংকা ও তার পরিবার বাংলাদেশের সংবাদ মাধ্যমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
কারণ সংবাদ প্রকাশের কারণেই দেশবাসী তাঁর জন্য দোয়া করেছেন এবং বিভিন্ন জন বিভিন্ন ধরনের সহযোগিতা নিয়ে পাশে এসে দাঁড়িয়েছিলেন। তাই হাসপাতাল থেকে বাসায় ফিরেই প্রিয়াংকা জামান রবিবার ২০ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত রেঁস্তোরায় একটি সংবাদ সম্মেলনের মধ্যদিয়ে বাংলাদেশের সংবাদ মাধ্যমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মিডিয়াতে প্রিয়াংকার আগমন কিংবদন্তী ফটোগ্রাফার চঞ্চল মাহমুদের হাত ধরে। ছয় বছর আগে বিটিভির ‘ছায়াছন্দ’ অনুষ্ঠানের উপস্থাপনা দিয়ে মিডিয়াতে তার যাত্রা শুরু। ‘আরএফএল’,‘জিপি’, ‘ভ্যাসলিন লোশন’,‘আড়ং’সহ আরো বেশকিছু পণ্যের মডেল হিসেবে কাজ করেছেন তিনি। আরিফিন রুমী’র ‘এক পলকে’ গানে প্রথম মিউজিক ভিডিওর মডেল হন তিনি। এরপর ফজলুর রহমান বাবু, আসিফ আকবর, কাজী শুভ, এফএ সুমন’সহ আরো অনেকের গানেই মডেল হিসেবে কাজ করেছেন। তার অভিনীত প্রথম নাটক সাখাওয়াত আল মামুনের নির্দেশনায় ধারাবাহিক নাটক ‘আজিজ মার্কেট’। এরপর ‘প্রেম থেরাপি’,‘ হৃদয় ঘটিত’সহ আরো বেশ কয়েকটি নাটকে অভিনয় করেন তিনি।
সংবাদ কর্মীদের সাথে কুশল বিনিময়ের পরপর তাঁর নতুন মিউজিক ভিডিও প্রকাশিত হয়। কন্ঠশিল্পী প্রিতম খানের লেখা ও সুরে সাউন্ডটেকের ব্যানারে ‘তোমায় ভালোবাসি’ শিরোনামে গানটিতে মডেল হয়েছেন প্রিয়াংকা জামান ও প্রিতম খান।
বিজনেস বাংলাদেশ-বি/এইচ


























