সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ভোলার বোরহানউদ্দিনে ফেসবুকের মেসেঞ্জারে একটি স্ক্রিনশটকে কেন্দ্র করে পুলিশ-জনতা সংঘর্ষের ঘটনার তদন্ত কাজ প্রধানমন্ত্রীর নির্দেশে দ্রুততার সঙ্গে এগিয়ে চলছে। ভিডিও ফুটেজ থেকে কিছু এভিডেন্স পাওয়া যাচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা ১২টার দিকে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তিনি এ কথা বলেন। যে ফেসবুক আইডি থেকে স্ক্রিনশট ছড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে সেই আইডির বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বিষয়টি নিয়ে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। ভিডিও ফুটেজ থেকে কিছু এভিডেন্স পাওয়া যাচ্ছে।’
উল্লেখ্য, গত ১৮ অক্টোবর নিজের ফেসবুক আইডি হ্যাক হওয়ার অভিযোগে ভোলার বোরহানউদ্দিন থানায় জিডি করেন বিপ্লব চন্দ্র বৈদ্য (২৫) ওরফে শুভ নামের এক যুবক। তার অ্যাকাউন্টের মেসেঞ্জার থেকে ‘মহানবীকে নিয়ে অবমাননাকর বক্তব্য’ ছড়িয়ে সেই ‘স্ক্রিনশট’ ব্যবহার করে গত ২০ অক্টোবর থেকে বোরহানউদ্দিনে উত্তেজনা সৃষ্টির অভিযোগ করা হয়। পুলিশ বিপ্লবের অ্যাকাউন্ট হ্যাকের প্রমাণ পায় এবং দুই জনকে গ্রেফতার করে। তবে ফেসবুকে কথিত বক্তব্যের জেরে একটি পক্ষ উত্তেজনা ছড়ায়। ২০ অক্টোবর বেলা ১১টায় বোরহানউদ্দিন উপজেলা সদরের ঈদগাহ মাঠে প্রতিবাদ সভার ঘোষণা দেওয়া হয়। পুলিশ সেখানে সতর্ক অবস্থান নিলেও একটি গ্রুপ ঈদগাহ ময়দানে প্রবেশ করে মানুষকে উত্তেজিত করতে থাকে এবং পুলিশের ওপর হামলা চালায়। পরে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ও গুলি চালায়। এতে চার জন নিহত হন। আহত হন ১০ পুলিশসহ দেড়শতাধিক লোক।
বিজনেস বাংলাদেশ/ইএম
























