রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাপান ও সিঙ্গাপুরে আট দিনের সফর শেষে দেশে ফিরেছেন।
রাষ্ট্রপতি এবং তার সফরসঙ্গীদের বহনকারী সিঙ্গাপুর এয়ারলাইন্স লিমিটেডের একটি নিয়মিত ফ্লাইট (ফ্লাইট নং এসকিউ ৪৪৬) রোববার রাত ১০টা ৩০ মিনিটে হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।
রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ বিষয়টি জানান।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কূটনৈতিক কোরের ডিন, বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত, তিন বাহিনী প্রধান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব এবং ঢাকায় সিঙ্গাপুরের কনস্যুলেট জেনারেল বিমান বন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান।
রাষ্ট্রপতি আবদুল হামিদ সিঙ্গাপুরে তার দুই দিনের যাত্রা বিরতি শেষে রোববার রাত (স্থানীয় সময়) ৮টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমান বন্দর ছাড়েন।
সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুস্তাফিজুর রহমান বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান।
রাষ্ট্রপতি ২০ অক্টোবর থেকে জাপানে ৬ দিনের সরকারি সফর শেষে শুক্রবার সিঙ্গাপুরে পৌঁছেন। তিনি মঙ্গলবার টোকিওতে জাপানের নতুন সম্রাট নারুহিতোর অভিষেক অনুষ্ঠানে যোগ দেন।
তিনি টোকিওতে রাজ প্রাসাদে বিভিন্ন দেশের প্রায় ২ হাজার নেতা এবং ১৭৪টি দেশ ও অঞ্চলের প্রতিনিধিদের সামনে নিজেকে সেদেশের ১২৬ তম সম্রাট হিসেবে ঘোষণা দেন।
৫৯ বছর বয়স্ক সম্রাট নারিহিতো তার ৮৫ বছর বয়স্ক পিতা সম্রাট অ্যামিরিতাস অকিহিতোর অবসরে যাওয়ার পর গত ১ মে দেশটির নতুন সম্রাট হিসেবে শপথ নেন।
রাষ্ট্রপতি একই দিনে জাপানের নতুন সম্রাট নারুহিতো এবং সম্রাজ্ঞী মাসাকোর দেয়া ভোজ সভায় যোগ দেন। তিনি পর দিন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের দেয়া অপর এক ভোজ সভায়ও যোগ দেন।
বিজনেস বাংলাদেশ/এম মিজান






















