ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। দলের সেরা খেলোয়াড় সাকিব আল হাসান জুড়ারির তথ্য গোপন করার অভিযোগে বর্তমানে আইসিসি কর্তৃক এক বছরের জন্য নিষিদ্ধ আছেন। তাই ভারতের বিপক্ষে প্রথমবারের মত দ্বিপাক্ষিক সিরিজে খেলতে পারছেন না তিনি।
দলের সাথে না থাকলেও, সাকিবের অভাব অনুভব করবে দল এতে কোনো সন্দেহ নেই। দেশ ছাড়ার আগে এমনটাই বলে গিয়েছিলেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। এমনকি সিরিজ শুরুর আগেও সাকিবকে নিয়ে আপসোস রিয়াদের মুখে।
প্রথম টি-২০র আগে আজ শনিবার সংবাদ সম্মেলনে সাকিবের বিষয়ে প্রশ্ন করা হলে মাহমুদুল্লাহ বলেন, ‘আপনি খুবই ভালো প্রশ্ন করেছেন। আমি আশা করি, উত্তরটাও চমৎকার হবে। আমরা সাকিবকে যেভাবে ভালোবাসতাম, সেভাবেই ভালোবাসি এবং ভালোবাসবো। কারণ সাকিবের সাথে আমাদের যে চমৎকার সর্ম্পক রয়েছে, সে যখন দলে ফিরবে আমরা দু’হাতে তাকে জড়িয়ে ধরবো এবং ড্রেসিংরুমে স্বাগত জানাবো।’
সাকিবের কাছ থেকে দল ব্যাটিং-বোলিং দু’টি সার্ভিসই একত্রে পেয়ে থাকে। কিন্তু সাকিব না থাকায় দল যে চাপে পড়বে বা কম্বিনেশন নিয়ে ভালোভাবে পরিকল্পনা করতে হবে তা স্পষ্ট। তবে সাকিবের না থাকাটা দলের অন্যদের জন্য বড় সুযোগই দেখছেন মাহমুদুল্লাহ।
তিনি বলেন, ‘সাকিবের না থাকাটা চাপ হিসেবে নিচ্ছি না। সাকিবের অনুপস্থিতি অন্য খেলোয়াড়দের প্রমাণের ভালো সুযোগ। এমন কি আমারও সুযোগ থাকছে প্রমাণের। এটি ঠিক, সাকিবের অভাব পূরণ করা সম্ভব না। আমাদের যতটুকু সার্মথ্য আছে, আমরা যেন সেটি পূরণ করতে পারি।
গেল কয়েক বছর ধরে বাংলাদেশ-ভারত ম্যাচ অন্যরকম উত্তেজনা ছড়াচ্ছে, এটিকে কিভাবে দেখছেন মাহমুদুল্লাহ। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা মাঠে সেভাবে অনুভব করি না। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি প্রভাব পড়ে। আমাদের কাছে খেলাটিই অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভারত-অস্ট্রেলিয়া বা যেকোনো দলের বিপক্ষেই আমরা শতভাগের বেশি দেয়ার চেষ্টা করি।’
দলের দুই সেরা তারকা সাকিব ও তামিম ইকবাল ভারতের বিপক্ষে সিরিজে খেলছেন না। সাকিব নিষিদ্ধ, আর তামিম ব্যক্তিগত কারণে ভারত সফরে নেই। তাই সাকিব-তামিমের অভাবকে মাহমুদুল্লাহ এভাবে দেখছেন, ‘আমি শুধু এতটুকু বলতে পারি, তরুণ যারা আছেন- আফিফ, নাইম, বিপ্লব তাদের উপর আমার শতভাগ বিশ্বাস আছে। আমার বিশ্বাস তারা ভালো পারফরমেন্স করতে পারবে।
দেয়ালে পিঠ ঠেকে গেলে, দলের সেরা খেলোয়াড়রা বাইরে থাকলে বা ক্রাইসিস মোমেন্টে জ্বলে উঠে বাংলাদেশ। বর্তমানে কঠিন এক সময় পার করছে বাংলাদেশ। তবে কি এবারও বাংলাদেশ জ্বলে উঠবে? এই প্রশ্নে রিয়াদ বলেন, ‘আমরা বেশ ইতিবাচক। ফলাফল নিয়ে আমরা ইতিবাচক। আমরা জানি নিজেদের কন্ডিশনে ভারত অনেক বেশি শক্তিশালী। সম্প্রতি পারফরমেন্স তেমনই বলে। আমাদের হারানোর কিছু নেই।
সিরিজ নিয়ে নিজের প্রত্যাশার কথা জানাতে গিয়ে মাহমুদুল্লাহ বলেন, ‘আমরা যেন আমাদের সেরা পারফরমেন্স করতে পারি এবং ভালো ক্রিকেট খেলে যেন জিততে পারি।’
বিজনেস বাংলাদেশ-বি/এইচ























