বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে ৬ দিনব্যাপী ‘বঙ্গমাতা এশিয়ান সিনিয়র ওমেনস সেন্ট্রাল জোন ইন্টারন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়নশীপ-২০১৯’। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ৯-১৪ নভেম্বর পর্যন্ত চলবে চ্যাম্পিয়নশীপ।
বৃহস্পতিবার এ উপলক্ষ্যে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, এশিয়ান সেন্ট্রাল জোনের সেক্রেটারি ক্লিচ প্রতিযোগিতার স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস।
আফগানিস্তান, কিরগিজস্তান, মালদ্বীপ, নেপাল, এবং বাংলাদেশ এই ৫ দলের অংশগ্রহণের মাধ্যমেই দেশের মাটিতে প্রথম কোন আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ করবে বাংলাদেশের মেয়েরা।
এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশন ও পৃষ্ঠপোষক গ্রুপের কর্মকর্তাবৃন্দ।
গত ১৭ অক্টোবর বানিজ্য মন্ত্রী টিপু মুনশি প্রধান অতিথি থেকে চ্যাম্পিয়নশীপের লোগো ও ট্রফি উন্মোচন করেন। তিনি প্রতিযোগিতার সাংগঠনিক কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।
লোগো ও ট্রফি উন্মোচন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
শনিবার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে স্পিকার ড. শিরিন শারমীন প্রধান অতিথি থেকে প্রতিযোগিতার উদ্বোধন করবেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষিমন্ত্রী ড. মুহাম্মদ আব্দুর রাজ্জাক।
ইতিমধ্যে বিদেশি দল ও অতিথিরা বাংলাদেশে আসা শুরু করেছে। ১৫ নভেম্বর দেশ ত্যাগ করবে।
বিজনেস বাংলাদেশ/এম মিজান

























