প্রবল ঘূর্ণিঝড় বুলবুল দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। মোংলা, পায়রা ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে মহাবিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে আবহাওয়া অধিদফতরের ৩০ নম্বর বিশেষ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
এরপর ঘূর্ণিঝড় বুলবুলের জন্য আর কোনো বিশেষ বিজ্ঞপ্তি দেয়া হবে না বলেও জানিয়েছেন আবহাওয়া অধিদফতরের পরিচালক শামসুদ্দিন আহমেদ।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এখন থেকে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। কক্সবাজার সমুদ্রবন্দরকে ৪ নম্বর সংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদফতরের ৩০ নম্বর বিশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, খুলনা ও তৎসংলগ্ন বাংলাদেশের দক্ষিণপশ্চিমাঞ্চল এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘বুলবুল’ আরও সামান্য উত্তরপূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে আজ (১০ নভেম্বর) সকাল ৬টায় বাগেরহাট, বরিশাল ও পটুয়াখালী অঞ্চলে গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে।
এটি আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর ও বৃষ্টি ঝরিয়ে ক্রমশ দুর্বল হতে পারে। গভীর নিম্নচাপের কারণে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বায়ুচাপের তারতাম্যের আধিক্য বিরাজ করছে।
আবহাওয়াবিদ আব্দুল মান্নান জানিয়েছেন, ঘূর্ণিঝড় ‘বুলবুল’ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটির অবস্থান ক্রমান্বয়ে উত্তরপূর্ব দিকে অগ্রসর হচ্ছে। আশা করা যাচ্ছে আজ রোববার সন্ধ্যা নাগাদ বুলবুলের প্রভাবমুক্ত হবে বাংলাদেশ।
তিনি বলেন, ঘূর্ণিঝড়টি বর্তমানে খুলনা বিভাগের সাতক্ষীরা এবং বাগেরহাট অঞ্চলে অবস্থান করছে। এটি তার অবস্থান থেকে ক্রমান্বয়ে উত্তরপূর্ব দিকে অগ্রসর হচ্ছে। এটি উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে মাদারীপুর, ফরিদপুর, ঢাকা ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে অতিক্রম করবে। তারপর ভারতের ত্রিপুরা অঞ্চলের দিকে যেতে আরও দুর্বল হয়ে যাবে।
গভীর নিম্নচাপটির প্রভাবে চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, ঢাকা, সিলেট ও ময়মনসিংহ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিসহ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
বিজনেস বাংলাদেশ/এম মিজান




















