‘সিলেটের জগন্নাথপুরে রাধাঁরমণের ১০৪তম প্রয়াণ দিবসে মঞ্চ ঝড় তুললেন নন্দিত কণ্ঠশিল্পী সালমা। ১১ নভেম্বর রাতে রাধাঁরমণ স্মরণে অনুষ্ঠিত অনুষ্ঠানে সালমার গান শুনতে ৫০ হাজারেরও বেশি দর্শক সেখানে ভিড় করে।
সালমা বিজনেস বাংলাদেশকে বলেন, আমি অভিভুত এতো দর্শক এসেছে আমার গান শুনতে। একজন শিল্পীর জন্য এটা অনেক বড় প্রাপ্তি। জগন্নাথপুরের মানুষ অনেক গান ভক্ত। সেখানে প্রায় টানা আড়াই ঘন্টা গান করেছি এরপরও দর্শক আমাকে ছাড়তে চায় না। পুলিশ প্রহরায় স্টেজ থেকে নামতে হয়েছে। আমি কৃতজ্ঞ জগন্নাথপুরের মানুষের কাছে ও আয়োজকদের কাছে।
এদিকে ১৫ নভেম্বর রাতে বাংলা টিভি লাইভ অনুষ্ঠানে গাইবেন কুষ্টিয়ার মেয়ে মৌসুমী আক্তার সালমা। প্রায় ২ বছর পর টিভিতে লাইভ অনুষ্ঠানে গাইবেন তিনি। সালমা বিজনেস বাংলাদেশকে বলেন, পারিশ্রমিকসহ নানা কারণে ২ বছর টিভিতে লাইভ শো করিনি। ৩/৪ ঘন্টা গান করলে ৭/৮হাজার টাকা দেন, এটা একটা শ্রেনীর শিল্পীর জন্য ঠিক আছে। কিন্তু আমি পোশাতে পারিনা বলেই টিভি লাইভ শো করছি না।

সম্প্রতি সালমা শ্যাম পিরিতি’ শিরোনামে নতুন একটি ফোক গানে কণ্ঠ দিয়েছেন। গানটির কথা ও সুর করেছেন শাহনেওয়াজ। গানটি কম্পোজিশন করেছেন এম এ রহমান। ৭ নভেম্বর ঢাকার এম এ রহমান’স মিউজিক ল্যাব-এ ভয়েজ দিয়েছেন সালমা।
এছাড়া সালমা প্রথমবারের মতো হাবিব ওয়াহিদের সুরে একটি গানে কণ্ঠ দিয়েছেন, নাম ‘দূর অজনায়‘। গানটি লিখেছেন অমিত কর্মকার এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন হাবিব ওয়াহিদ। ২০ অক্টোবর সালমা নতুন আরেকটি গানে কণ্ঠ দিয়েছেন। এরই মধ্যে জি সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে জয় সরকার পরিচালিত ‘ইন্দুবালা’ চলচ্চিত্রে সালমার গাওয়া ‘দুঃখের ছায়া’ গানটি। এই গানে সালমার গায়কি প্রশংসিত হয়েছে। বর্তমানে সালমা গান , সংসার এবং মানবিক কাজ নিয়ে নিজেকে ব্যস্ত রেখেছেন।
বিজনেস বাংলাদেশ-বি/এইচ

























