ওপার বাংলায় বেশ কিছুদিন আগে মুক্তি পেয়েছে দেব ও রুক্মিণী অভিনীত ‘পাসওয়ার্ড’ ছবিটি। এবার সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে মুক্তি পাচ্ছে ছবিটি। বাংলাদেশে ‘পাসওয়ার্ড’ আমদানি করে মুক্তি দিচ্ছে শাপলা মিডিয়া। তবে একই নামে বাংলাদেশে একটি ছবি মুক্তি পাওয়ায়, দেবের এই ছবিটি সেন্সর বোর্ডে আটকে যায়।
তাই বোর্ড সদস্যদের সিদ্ধান্ত, কাছাকাছি সময়ে একই নামে আরেকটি ছবির ছাড়পত্র দেওয়া যুক্তিসংগত হবে না। সেন্সরবোর্ডের পক্ষ থেকে ছবিটির আমদানিকারক প্রতিষ্ঠানের কাছে ছবির নামের ব্যাখ্যা চাওয়া হয়েছে।
তবে ছবিটির প্রচারে অংশ নিতে আজ মঙ্গলবার বিকেলের ফ্লাইটে ঢাকায় পা রাখবেন দেব, রুক্মিণী ও পরিচালক কমলেশ্বর মুখার্জি। বিষয়টি নিশ্চিত করেছেন শাপলা মিডিয়ার ম্যানেজার মো. বাদল। এর আগে দেবের একাধিক ছবি বাংলাদেশে মুক্তি পেলেও এবারই প্রথম নিজের ছবি মুক্তি উপলক্ষে ঢাকায় আসছেন তিনিসহ তার টিম।
শাপলা মিডিয়ার ম্যানেজার মো. বাদল বলেন, ‘নামের কারণে কলকাতার ‘পাসওয়ার্ড’ সিনেমাটি সেন্সরে আটকানো হয়েছে। আমাদের কাছে নামের ব্যাখ্যা চাওয়া হয়েছে। আমরা সেন্সরে সেই ব্যাখ্যা পাঠিয়েছি।
ছবিটি এই নামেই আমদানির অনুমোদন দিয়েছে তথ্য মন্ত্রণালয়। সমস্যা থাকলে তো অনুমোদন হতো না। আশা করি বিষয়টি সেন্সর বোর্ড দেখবে এবং দ্রুতই ছবিটি প্রদর্শনের অনুমতি পাবো আমরা।’
ছবিটির মুক্তি উপলক্ষে আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে ‘পাসওয়ার্ড’র আমদানিকারক শাপলা মিডিয়া। সেখানেই অংশ নিবেন ছবির টিম। বাংলাদেশে দেবের ‘পাসওয়ার্ড’ মুক্তির বিনিময়ে পশ্চিমবঙ্গে যাচ্ছে শাপলা মিডিয়া প্রযোজিত ছবি ‘ক্যাপ্টেন খান’।
বিজনেস বাংলাদেশ/এম মিজান


























