ঢাকা: মনের গোপন বাসনা জানালেন নন্দিত নায়িকা মৌসুমী। সাবলীল অভিনয়ের জন্য তিনবার পেয়েছেন জাতীয় পুরস্কার। পেয়েছেন দর্শকপ্রিয়তা। অভিনয়ের পাশাপাশি জনপ্রিয় এই নায়িকা নানা সামাজিক কাজে ব্যস্ত থাকতে দেখা যায়। ইউনিসেফ বাংলাদেশের শুভেচ্ছাদূত হিসেবেও কাজ করছেন। অভিনয় ও সমাজসেবামূলক নানান কাজে ব্যস্ত থেকেও এবার নতুন মনের গোপন বাসনা জানালেন প্রিয়দর্শিনী মৌসুমী।
মৌসুমী বলেন, ‘আমি শিগগিরই একটি সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঘোষণা দেব। এ বিষয়ে সবাইকে আনুষ্ঠানিকভাবে জানাব। আমি সমাজসেবামূলক কাজে আগেও সম্পৃক্ত থেকেছি। এখনো আছি। আগে কাজের চাপে সমাজসেবামূলক কাজে খুব বেশি সময় দিতে পারিনি। এখন সেই সময়টুকু দিতে চাই। বিভিন্ন সমাজসেবামূলক কাজে সময় দেয়ার চেষ্টা করছি।’
রাজনীতিতে থাকা নিয়ে তিনি বলেন, ‘রাজনীতিবিদ হওয়া আমার মূল লক্ষ্য নয়। রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে জনসেবা করাটা আমার মূল উদ্দেশ্য।’
মৌসুমী বর্তমানে ব্যস্ত রয়েছেন মির্জা সাখওয়াত হোসেনের ‘অর্জন ৭১’ সিনেমায় অভিনয় নিয়ে। এতে তার বিপরীতে রয়েছেন শক্তিমান অভিনেতা শতাব্দী ওয়াদুদ। এরই মধ্যে বিএফডিসিতে এ সিনেমার বেশকিছু অংশের কাজ হয়েছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























