ভারত নিয়ন্ত্রীত জম্মু-কাশ্মীরে সন্দেহভাজন জঙ্গিদের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনায় ভারতের দুই সেনা নিহত হয়েছে।
জম্মু-কাশ্মীরের নওসেরা সেক্টরে অভিযান চালানোর সময় পাকিস্তান সীমান্ত দিয়ে প্রবেশ করা এই জঙ্গিদের সঙ্গে সেনাদের বন্দুকযুদ্ধ হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এএনআই।
এলাকাটিতে এখনও সেনা অভিযান অব্যাহত রয়েছে। সেনা সদস্যরা এলাকাটি ঘিরে রেখেছে।
ভারতীয় সেনাবাহিনী বলছে, পাকিস্তান থেকে জঙ্গিরা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছে বলে খবর পাওয়ার পরই ওই এলাকায় অভিযান শুরু হয়। জঙ্গিরা খারি থ্রারায়াত এলাকায় বনের ভেতর দিয়ে প্রবেশের চেষ্টা চালাচ্ছে।
জম্মুভিত্তিক ভারতীয় সেনা কর্মকর্তা লে. কর্নেল দেভেন্দার আনন্দ এক বিবৃতিতে বলেন, নওসেরা সেক্টরে তল্লাশি চালানোর সময় দুই সেনা সদস্য নিহত হয়েছেন।
তিনি বলেন, সেনা সদস্যরা তল্লাশি অভিযান শুরু করার পরপরই গুলি ছুড়তে শুরু করে অনুপ্রবেশকারীরা। কর্মকর্তারা জানিয়েছেন, সেখানে বড় ধরনের অভিযান চালানো হচ্ছে।
বিজনেস বাংলাদেশ/এম মিজান
























