বর্তমানে যে’কজন তরুণ অভিনেতাকে নিয়ে স্বপ্ন দেখছেন দেশের নির্মাতারা, তাদের মধ্যে অন্যতম মনোজ কুমার প্রামাণিক। মেধাবী এই অভিনেতা ইতোমধ্যে বেশ কিছু কাজে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। নিজেকে সময়ের অন্যতম সম্ভাবনাময় অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। যার ফলে তার বর্তমান কর্মব্যস্ততাও অনেক।
তার এই কর্মব্যস্ততার একটি অংশ হলো কাজী সাইফ আহমেদের ‘কাশ্মীরি প্রেমিকা’। লেখক ও সাংবাদিক মাহতাব হোসেনের গল্পে নাটকটিতে তার বিপরীতে অভিনয় করেছেন ফারিয়া শাহরিন।
নির্মাতা কাজী সাইফ জানান, আইইউবিটি ইউনিভার্সিটি এবং উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং শেষ হয়েছে। এটা বিশ্ব ভালোবাসা দিবসে কোন একটি বেসরকারি টিভি চ্যানেলে সম্প্রচার করা হবে।
অভিনেতা মনোজ বলেন, ভালোবাসা দিবসের নাটক এটি। কাজেই গল্পে ভালোবাসার নানা দিক ফুটে উঠবে। সুন্দর ও পরিচ্ছন্ন গল্প। নাটকটি দেখে দর্শকরা পছন্দ করবেন বলে আমার বিশ্বাস।
এদিকে মালয়েশিয়াতে পড়াশুনা শেষ বর্তমানে অভিনয়ে সরব ফারিয়া শাহরিন। নাটক-বিজ্ঞাপনে নিয়মিত কাজ করবেন বলেও জানান তিনি।
বিজনেস বাংলাদেশ/এম মিজান























