সরকার জনগণের ভোটের অধিকার হরণ করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি সহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘যখন নির্বাচনী প্রচারণায় বিএনপি প্রার্থীদের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। হাজারো মানুষ যখন দখলদারি সরকারের বিরুদ্ধে তাদের রায় দেওয়ার জন্য বেরিয়ে আসতে শুরু করেছে, ঠিক তখনই নিয়ন্ত্রিত পুলিশ বাহিনী দিয়ে মিথ্যা মামলায় গ্রেফতার করে জনগণের ভোটের অধিকার হরণ করার ষড়যন্ত্র শুরু করেছে সরকার।’
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।
এ সময় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে নির্বাচন কমিশন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলেও দাবি করেন মির্জা ফখরুল।
তিনি বলেন, ‘দৃঢ়তার সঙ্গে বলতে চাই, ধানের শীষের প্রার্থীদের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তা রোধ করার শক্তি এই দখলদারি সরকার ও নির্বাচন কমিশনের নেই। কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছি গণবিরোধী কার্যকলাপ থেকে বেরিয়ে এসে সংবিধানের দায়িত্ব পালন করুন। নিরপেক্ষ নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করুন। ভোটাররা যেন নির্ভয়ে সুষ্ঠু পরিবেশে তাদের মতামত দিতে পারেন সেই ব্যবস্থা নিশ্চিত করুন। অন্যথায় জনগণ কোনোদিন আপনাদের ক্ষমা করবে না। সংবিধান লঙ্ঘন এবং জনগণের অধিকার হরণের অভিযোগে আপনাদের জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে।’
মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগের কোনো জনসমর্থন নেই। তারা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, হত্যা, শিশুসহ সব বয়সের নারী ধর্ষণ, অসহনীয় ট্রাফিক ব্যবস্থা, সীমাহীন দুর্নীতি, ব্যাংক লুট, শেয়ারবাজার লুট, মেগা প্রজেক্টের নামে মেগা লুট, জনজীবনকে দুঃসহ করে তুলেছে। গণতন্ত্রের আপসহীন নেত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে রাজনীতি থেকে দুরে রেখে একতরফাভাবে একদলীয় শাসন ব্যবস্থা চাপিয়ে দেওয়ার চক্রান্ত করছে।’
এ সময় সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

























