ইংলিশ প্রিমিয়ার লিগে ষষ্ঠ হারের স্বাদ নিয়েছে ম্যানচেস্টার সিটি। দশজনের দল নিয়ে রোববার রাতে তারা ২-০ গোলে হেরে গেছে টটেনহ্যাম হটস্পারের কাছে। এই হারের ফলে লিভারপুলের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ২২ এ!
গেল সপ্তাহে পিএসভি এইন্ডহোভেন থেকে টটেনহ্যাম ২৭ মিলিয়ন পাউন্ডে দলে ভিড়িয়েছে নেদারল্যান্ডসের ফুটবলার স্টিভেন বার্গওয়াইনকে। রোববারে রাতে ম্যানসিটির বিপক্ষে তার অভিষেক হয়। অভিষেক ম্যাচটাই তিনি গোল করে রাঙিয়েছেন। গোল পেয়েছেন হটস্পারদের দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ড সন হিউং মিনও।
ঘরের মাঠে টটেনহ্যাম প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি। জালের নাগাল পেতে দেয়নি সিটিকেও। যদিও ৪০ মিনিটে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সহায়তায় পেনাল্টি পেয়েছিল সিটি। কিন্তু ইলকে গুনদোগানের নেওয়া দুর্বল শট ধরে ফেলেন টটেনহ্যামের গোলরক্ষক হুগো লরিস।
ম্যাচের বয়স যখন ১ ঘণ্টা, তখন দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন সিটির ওলেকসান্দ্রে জিনচেনকো। তাতে দশজনের দলে পরিণত হয় সিটি। সেই সুযোগ কাজে লাগিয়ে ৬৩ মিনিটেই এগিয়ে যায় টটেনহ্যাম। এ সময় লুকাস মোরার ক্রস থেকে ডি বক্সের ভেতরে বুকে বল রিসিভ করে ডান পায়ের ভলিতে বল জালে জড়ান বার্গওয়াইন।
৭১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সন হিউং মিন। এ সময় তানগুই ডেম্বেলে ডি বক্সের সামনে থাকা সনকে বল বাড়িয়ে দেন। বল নিয়ে ডি বক্সের মধ্যে ঢুকেই ডান পায়ে জোরালো শট নেন কোরিয়ান এই ফুটবলার। ম্যানসিটির গোলরক্ষক এন্ডারসন ডানদিকে ঝাপিয়ে পড়েও রুখতে পারেননি বল।
বাকি সময়ে অবশ্য আর কোনো গোল হয়নি। অবশ্য জয়ের জন্য আরো কোনো গোলের প্রয়োজনও হয়নি হোসে মরিনহোর শিষ্যদের।
এই জয়ের ফলে ২৫ ম্যাচ থেকে ৩৭ পয়েন্ট নিয়ে টটেনহ্যাম রয়েছে পঞ্চম স্থানে। সমান ম্যাচ থেকে ৫১ পয়েন্ট নিয়ে সিটি রয়েছে দ্বিতীয় স্থানে।
বিজনেস বাংলাদেশ/এম মিজান


























