চীনফেরত ৮ বাংলাদেশির শরীরে করোনাভাইরাসের আলামত পাওয়া যায়নি। তাদের নমুনা পরীক্ষা শেষে সোমবার (৩ ফেব্রুয়ারি) এ তথ্য জানায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর।
এর আগে গত ১ ফেব্রুয়ারি (শনিবার) দুপুরের দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে ৩১৬ বাংলাদেশিকে উহান থেকে ফিরিয়ে আনা হয়। এর মধ্যে ৩০৮ জনকে আশকোনা হজ ক্যাম্পে রাখা হলেও বাকি ৮ জনের শরীরে জ্বর থাকায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
তবে তাদের শরীরে করোনাভাইরাসের আলামত না পাওয়া যাওয়ায় সোমবার ৭ জনকে হজ ক্যাম্পে নেয়া হয়েছে। এছাড়া ঝুঁকি থাকায় অন্তঃসত্ত্বা এক নারীকে সিএমএইচ-এ ভর্তি করা হয়েছে।
সোমবার দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর মহাখালী আইইডিসিআর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এসব তথ্য জানান।
বিজনেস বাংলাদেশ/এম মিজান


























