রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় রোহিত শর্মার। এরপরে মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে খেলেছেন দীর্ঘদিন। এখন বিরাট কোহলির সহকারী হিসেবে ভারতীয় দলের অন্যতম নির্ভরতার প্রতীক রোহিত।
কোহলির অবর্তমানে ভারতীয় দলের অধিনায়কত্বের ব্যাটন এখন রোহিতের হাতে আসে। তবে সবার মধ্যে সেরা অধিনায়ক হিসেবে রোহিত বেছে নিয়েছেন ধোনিকেই।
নিউজিল্যান্ড সফরে দলের সঙ্গী ছিলেন এ ওপেনার। মাউন্ট মঙ্গানুইয়েতে অনুষ্ঠিত শেষ টি-টোয়েন্টি ম্যাচে কাফ ইনজুরিতে পড়েন। যার ফলে সফরের বাকি ওয়ানডে ও টেস্ট ম্যাচে দল থেকে ছিটকে পড়েন তিনি।
এরপরে ‘কার্লি টেলস’ নামক এক অনুষ্ঠানে রোহিত বলেন, ‘পুরো ভারত জানে ধোনি কেমন চরিত্র। ভারতের হয়ে তিনটি আইসিসি ট্রফি তার নামের পাশে। আইপিএলও জিতেছে কয়েকবার। আমার চোখে ধোনিই সেরা। কারণ, মাঠে প্রচন্ড চাপেও তিনি শান্ত থাকতে পারেন।’
এছাড়াও ধোনিকে নিয়ে আরো বলেন, ‘আমি তাকে দেখেছি তরুণ খেলোয়াড়দের নিয়ন্ত্রণ করতে। যখন তারা চাপে পড়ে। তখন তিনি সিনিয়র খেলোয়াড় হিসেবে যেভাবে সাহস জুগিয়েছেন এটা অসাধারণ।’
বিজনেস বাংলাদেশ/এম মিজান


























