ঢাকা : ভারত-পাকিস্তান ম্যাচ মানেই অন্যরকম রোমাঞ্চ। কিন্তু ইদানিং সেই রোমাঞ্চ কোথায় যেন মিলিয়ে গেছে! বিশ্বকাপে মুখোমুখি হলেই পাকিস্তান যেন খেই হারিয়ে ফেলে। সেটা বড় কিংবা ছোটদের বিশ্বকাপ হোক না কেন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) যুব বিশ্বকাপেও সেরকমই দেখা গেল।
এদিন পচেফস্ট্রুমে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান ১৭২ রানেই গুটিয়ে গিয়েছে। পাকিস্তান অধিনায়কের টস জিতে ব্যাটিং নেওয়াটা বুমেরাং হয়েছে। অবশ্য তিনি সফল হয়েছেন। অধিনায়ক রোহাইল নাজিরের ব্যাট থেকেই যে এসেছে সর্বোচ্চ রানের ইনিংস। ১০২ বলে ৬২ রানের ইনিংস খেলেছেন তিনি। চার মেরেছেন ছয়টি।
ওপেনিংয়ে নেমে ফিফটি করেছেন হায়দার আলী। নিজের ৫৬ রানের ইনিংসটি তিনি সাজিয়েছেন ৭৭ বলে। চার মেরেছেন নয়টি। বাকিদের মধ্যে আর একজনই দুই অঙ্কের চৌহদ্দি পার করতে পেরেছেন। তিনি মোহাম্মদ হারিস। অন্যদের স্কোর টেলিফোন ডিজিটের মতো।
ভারতের একক কেউ বিধ্বংসি বোলিং করেননি। ২৮ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়েছেন সুশান্ত মিশ্র। ২টি করে উইকেট পেয়েছেন কার্তিক ত্যাগি ও রবি বিঞ্চু।


























