বিএনপি ক্ষমতায় থাকলে দেশের উন্নতি হয় না। তারা লুটপাটে ব্যস্ত থাকে। আওয়ামী লীগ মানেই উন্নয়ন আর বিএনপি মানেই ধ্বংস, হত্যা, লুটপাট, দুর্নীতি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
বুধবার দুপুরে পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশি রেলওয়ে ফুটবল মাঠ সংলগ্ন আমতলা মাঠে গণ সংবর্ধনা অনুষ্ঠানের তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, বিগত জোট সরকারের আমলে দেশ অন্ধকারে ছিল। বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন দেশ দুর্নীতিতে কয়েকবার চ্যাম্পিয়ন হয়েছিল। এই ১০ বছরে শেখ হাসিনার নেতৃত্বে দেশ অন্ধকার থেকে আলো এসেছে।
তিনি আরও বলেন, আজ দেশের অসহায় মানুষগুলো শান্তিতে আছেন। ২০ বছর আগে অসহায় মা-বোনেরা ছেড়া জোড়াতালি শাড়ি পড়ে থাকতো। এখন কোনো অসহায় মানুষকে ছেড়া শাড়ি পড়ে থাকতে দেখা যায়না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বয়স্ক-অসহায় নারীদের বিভিন্ন ভাতার ব্যবস্থা করে দিয়েছে। দেশ এগিয়ে যাচ্ছে।
মুক্তিযোদ্ধা জনতা সংবর্ধনা কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কাজী সদরুল হক সুধার সভাপতিত্বে ও পাবনা জেলা পরিষদের সদস্য সাইফুল আলম বাবু মণ্ডলের সঞ্চালনায় বক্তব্য দেন- মুক্তিযুদ্ধ চলাকালীন বহির্বিশ্বে জনমত গঠনে ভূমিকা পালনকারী রবিউল আলম, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য রশিদুল আলম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুজ্জামান বিশ্বাস প্রমুখ।
বিজনেস বাংলাদেশ/এম মিজান

























