কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে এক নারীসহ চারজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার রাত ১১টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার বানিয়ারছড়াতে এ দুর্ঘটনা ঘটে বলে জানান হারবাং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আনিছুর রহমান।
নিহতদের মধ্যে একজনের নাম-পরিচয় নিশ্চিত হওয়া গেলেও অন্য তিনজনের পরিচয় জানা যায়নি।
নিহত ঝর্ণা বেগম (৩৫) নোয়াখালীর হাতিয়া উপজেলার সোনাদিয়ার মোহাম্মদ আলীর স্ত্রী।
এসআই আনিছুর বলেন, শুক্রবার রাতে ঢাকা থেকে কক্সবাজারগামী যাত্রীবাহী স্টার লাইন পরিবহনের এক বাস চকরিয়া উপজেলার বানিয়ারছড়াতে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসটি উল্টে গিয়ে এক নারীসহ চারজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন।
আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে এবং এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।
নিহতদের লাশ হারবাং হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে। দুর্ঘটনা কবলিত বাস উদ্ধারে পুলিশের পাশাপাশি চকরিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছেন।
বিজনেস বাংলাদেশ/এম মিজান




















