জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, সাম্প্রদায়িক শক্তিকে রুখতে অসম্প্রদায়িক চেতনার সকল মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। সাম্প্রদায়িক অপশক্তিকে যদি পরাজিত করতে না পারি, তাহলে আমরা যে উন্নতির সোপানের দিকে এগিয়ে যাচ্ছি, তা আর সম্ভব হবে না। কাহারোল উপজেলার তারগাঁ ইউনিয়নে ছাতইল শ্রীশ্রী রামকৃষ্ণ আশ্রম হরি মন্দিরের ভিত্তি প্রস্তর উদ্বোধন ও শীর্তাত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি গোপাল বলেন, এই পৃথিবীতে যদি শান্তিতে থাকতে হয়, তাহলে আমাদের একটি অসাম্প্রয়িক পরিবেশে থাকতে হবে। এই অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থা গঠনের জন্যই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৪ বছর জেল খেটেছেন শুধুই তা-ই নয়, তিনি নিজের জীবনটাও এ দেশের জন্য দান করে গেছেন।
সুতরাং আমাদের প্রথমে ভাবতে হবে আমি বাঙালি, আমি মুসলমান; আমি বাঙালি, আমি হিন্দু; আমি বাঙালি, আমি বৌদ্ধ; আমি বাঙালি, আমি খ্রিষ্টান। তিনি বলেন, আমরা যখন একটি অসাম্প্রদায়িক চেতনায় আসতে পারবো, তখনই আমরা একে অপরকে শ্রদ্ধা করতে পারবো। পৃথিবীর বৈচিত্র সৃষ্টিকে আমাদের ভালো লাগবে। সব জাতি, বর্ণ, ধর্ম যখন একসঙ্গে কাজ করবে তখনই বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে।
ছাতইল শ্রীশ্রী রামকৃষ্ণ আশ্রম হরি মন্দিরের উপদেষ্টা দীনেশ চন্দ্র রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, কাহারোল থানার ওসি মনোজ কুমার রায়, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রাজেন্দ্র দেব নাথ, তারগাঁ ইউনিয়নের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, তারগাঁ ইউনিয়নের আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক বাসেদ মাষ্টার উপজেলা আওয়ামীলীগের বন ওপরিবেশ বিষয়ক সম্পাদক মোঃআরমান সরকার সহ অন্যান্য নেত্রীবৃন্দ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন তারগাঁ ইউনিয়নের বঙ্গবন্ধু সৈনিক লীগের আহবায়ক মো. নজরুল ইসলাম।
বিজনেস বাংলাদেশ/ইএম




















