ময়মনসিংহের ভালুকায় দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সাংবাদিকের বিরুদ্ধে জনৈক সালাউদ্দিন সরকার কর্তৃক মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় সংবাদকর্মীরা। দুপুরে ভালুকা প্রেসক্লাবের আয়োজনে উপজেলার ভালুকা-গফরগাঁও সড়কে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে এসএ টিভির প্রতিনিধি আওলাদ হোসেন রুবেল, ভালুকা প্রেসক্লাবের সভাপতি এস.এম শাহজাহান সেলিম, সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ আলী, সাবেক সভাপতি কামরুল হাসান পাঠান কামালসহ আরো অনেকেই বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, উপজেলার জামিরদিয়া গ্রামের হোসেন আলী সরকারের ছেলে বনভূমিসহ নিরীহ ব্যক্তিদের জমি দখল, সন্ত্রাসী ও চাঁদাবাজির ২০টির অধিক মামালার আসামী সালাউদ্দিন সরকার সংবাদ প্রকাশের জেরে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ভালুকা সংবাদদাতা আসাদুজ্জামান ফজলু’র বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন।
মিথ্যা মামলা প্রত্যাহারসহ সালাউদ্দিন সরকারকে দ্রুত আইনের আওতায় আনার জোর দাবিও জানান তারা।
বিজনেস বাংলাদেশ/এম মিজান




















