কারিগরি ও ভোকেশনাল শিক্ষা নিলে তরুণরা প্রশিক্ষিত দক্ষ মানবসম্পদে পরিণত হওয়ার পাশাপাশি দ্রুত স্বাবলম্বী হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘শিক্ষা সহায়তা দেওয়ার ক্ষেত্রে কারিগরি ও ভোকেশনাল শিক্ষার্থীদের বেশি গুরুত্ব দেয়া হলে অধিক সংখ্যক শিক্ষার্থী কারিগরি ও ভোকেশনাল শিক্ষার প্রতি আগ্রহী হবে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে ‘প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট’র উপদেষ্টা পরিষদের ৬ষ্ঠ সভায় এসব কথা বলেন।
এসময় নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে তরুণদের প্রতি পুনরায় আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘চাকরির পেছনে দৌড়ানোর মানসিকতা পরিহার করতে হবে। চাকরির পেছনে না ছুটে নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলুন।’
এসময় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সিট ক্যাপাসিটি অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করানোর নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সেইসঙ্গে সরকারি বৃত্তি, উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা আর্থিক সহায়তা কীভাবে কাজে লাগাচ্ছে এবং তাদের সুবিধা-অসুবিধাগুলোর বিষয়ে মনিটরিং বাড়াতে বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরিব শিক্ষার্থীরা যাতে পড়াশোনা করে সাবলম্বী হতে পারে সে জন্য তাদের সহায়তা দিতে তার সরকার প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট প্রতিষ্ঠা করেন। ২০১৩ সাল থেকে এ পর্যন্ত ৫৫০ কোটি ৯০ লাখ টাকা উপবৃত্তি ও আর্থিক সহায়তা হিসেবে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















