ইতালিতে মরণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) ভয়াল থাবায় ক্রমেই বেড়ে চলছে আক্রান্তের সংখ্যা। সেইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাও। ইতালিতে গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হয়েছে ১ হাজার ৫৩২ জন। আর মৃত্যু হয়েছে ১৩৩ জনের। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ৩৭৫ এবং মৃত্যুর সংখ্যা ৩৩৬ জন। এ অবস্থায় জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার।
এদিকে, এ ভাইরাসে বিশ্বজুড়ে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৮২৮ জনে। সর্বশেষ ২৪ ঘণ্টায় চীনে মৃত্যু হয়েছে ২২ জনের। নতুন করে দেশটিতে আক্রান্ত হয়েছেন ৪০ জন।
সোমবার (০৯ মার্চ) চীনের স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে এসব তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
খবরে আরো বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় চীনে ২২ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ১১৯ জনে। নতুন করে আক্রান্ত হয়েছেন ৪০ জন। দেশটিতে আক্রান্ত হয়েছেন মোট ৮০ হাজার ৭৩৫ জন। বিশ্বজুড়ে এ রোগে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১০ হাজার ৪৮ জন। এ রোগে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৬২ হাজার ২৭৬ জন।
এদিকে, করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের ১০৪টি দেশ ও অঞ্চলে। মৃত্যুর সংখ্যার দিক দিয়ে চীনের পরে আছে ইতালি। দেশটিতে ৩৬৬ জনের মৃত্যু হয়েছে এ রোগে আক্রান্ত হয়ে। এরপর রয়েছে ইরান। সেখানে মৃত্যু হয়েছে ১৯৪ জনের। এরপর দক্ষিণ কোরিয়ায় ৫১, যুক্তরাষ্ট্রে ২২, ফ্রান্সে ১৯, স্পেনে ১৭, জাপানে ৭, ইরাকে ৬, যুক্তরাজ্যে ৩, নেদারল্যান্ডসে ৩, হংকংয়ে ৩, অস্ট্রেলিয়ায় ৩, সুইজারল্যান্ডে ২, মিশরে ১, তাইওয়ানে ১, থাইল্যান্ডে ১, সান মারিনোতে ১, আর্জেন্টিনায় ১ ও ফিলিপিন্সে ১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ডায়ামন্ড প্রিন্সেস জাহাজে ৭ জনের মৃত্যু হয়েছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























