বর্তমান বিশ্বে সবচেয়ে বড় আতঙ্কের নাম প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯)। এখন পর্যন্ত ৪ হাজার ২৭ জনের প্রাণ কেড়েছে এই ভাইরাস। বিভিন্ন দেশে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৪ হাজার ৪২২ জন।
এমন পরিস্থিতিতে করোনার বিরুদ্ধে লড়াইয়ে বিভিন্ন দেশকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বিশ্ব সাস্থ্য সংস্থার এমন আহ্বানের পর করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সংস্থাটিতে এক কোটি ডলার দান করেছে সৌদি সরকার। দেশটির প্রেস এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে যে, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অর্থনৈতিক সহায়তা দিতে ১ কোটি ডলার অনুদান দেয়ার নির্দেশনা জারি করেছেন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ।
সৌদির রয়্যাল কোর্ট এবং বাদশাহ সালমানের মানবিক সহায়তা ও ত্রানকেন্দ্রের প্রধান কর্মকর্তা ড. আবদুল্লাহ আল রাবিয়াহ এ তথ্য নিশ্চিত করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, নভেল করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে একসঙ্গে কাজ করে যাচ্ছে সৌদি আরব। জরুরি কার্যক্রম বাস্তবায়নে সহায়তা হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে এক কোটি ডলার অনুদান দিচ্ছে সৌদি।
বিজনেস বাংলাদেশ/ বিএইচ


























