বিশ্ব আজ করোনাভাইরাসে আতঙ্কিত। প্রতিদিন পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা, লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল! করোনার সংক্রমণ ঠেকাতে ভারতে ২১ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। এ ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে প্রথম দিনেই নিরাপদ দূরত্ব বজায় রেখে বুধবার (২৫ মার্চ) মন্ত্রিসভার বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদি। এনডিটিভি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।
দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকেও এই নীতি মানা হয়। মন্ত্রিসভার সদস্যদের বসার চেয়ারগুলো নিরাপদ দূরত্বে রাখা হয়। পুরো বৈঠক এভাবেই চলে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী তিন সপ্তাহের জন্য ঘরের বাইরে বের হওয়ার কথা ভুলে গিয়ে ঘরেই অবস্থান করতে বলেছেন। মঙ্গলবার তিনি ভারতীয়দের প্রতি এই আহ্বান জানিয়ে ২১ দিনের সর্বাত্মক লকডাউন ঘোষণা করেন।
তিনি বলেন, এই সময়ে ঘরে থাকা খুবই গুরুত্বপূর্ণ। ওই সময়টুকু ঘরে কাটাতে পারলে রোগের বিস্তার ঠেকানো যাবে। এতে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা কমবে। তিনি এই সময়ে সামাজিক দূরত্ব বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, অনেকে মনে করেন সামাজিক দূরত্ব বজায় রাখা শুধু মনে হয় রোগীদের জন্য প্রযোজ্য। ব্যাপারটা তেমন নয়। এই ভাইরাসের দাপট ঠেকাতে এটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।
আজকের মন্ত্রিসভার বৈঠকের ছবি টুইট করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লিখেছেন, ‘এখন দরকার সামাজিক দূরত্ব বজায় রাখা। আমরা এটি নিশ্চিত করেছি। আপনি করছেন তো?’ এর হ্যাশট্যাগ দেন, ইন্ডিয়াফাইটসকরোনা
বিজনেস বাংলাদেশ/ মেহেদী

























