দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কভিড-১৯) মৃতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যে গরমিল দেখা যায়। নাম বিভ্রাটের কারণে এমনটা হয়েছে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
সোমবার ২টার পরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও তিনজনের মৃত্যু হয়েছে।
নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৫ জন।
এর আগে মহাখালীতে এক ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও চারজনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ২৯ জন।
মৃতের সংখ্যায় একজনের গরমিলের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. আবুল কালাম আজাদ বলেন, নামের বানান ভুলের কারণে মৃত এক রোগীর নাম দুবার এসেছে। এ জন্যই এই সংখ্যা বিভ্রাট হয়েছে।
এছাড়া স্বাস্থ্যমন্ত্রীকে জানানোর পর আরও হালনাগাদ তথ্য যোগ করায় আক্রান্তের সংখ্যা বেড়েছে বলেও জানান তিনি।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হিসাব অনুযায়ী দেশে করোনায় মোট আক্রান্ত ১২৩ জন। এখন পর্যন্ত মারা গেছেন ১২ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩৩ জন।
বিজনেস বাংলাদেশ/ মেহেদী


























