লালমনিরহাটে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাব মোকাবেলার লক্ষ্যে জেলা প্রশাসক মোঃ আবু জাফর আজ বুধবার (৮ এপ্রিল) সকাল থেকে জেলায় সকল ধরনের যানবাহন প্রবেশ ও বহির্গমন বন্ধ ঘোষণা করে জনস্বার্থে একটি আদেশ জারি করেছেন।
গণবিজ্ঞপ্তি’র এই আদেশে বলা হয়েছে, জেলার অভ্যান্তরে সবধরনের যানবাহন, দোকান-পাট, সাপ্তাহিক হাট-বাজার, প্রতিষ্ঠান এবং গণ পরিবহন পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। তবে, মেডিক্যাল সার্ভিস, এ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, কৃষি নিত্য প্রয়োজনীয় পন্যবাহী যানবাহন, সংবাদপত্র, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী ও জরুরী ত্রাণ পরিবহনের কাজে ব্যবহৃত যানবাহনের ক্ষেত্রে এই আদেশ প্রযোজ্য হবে না।
আদেশে আরো বলা হয়েছে, অত্যাবশ্যকীয় নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দোকান, কৃষিপণ্য ও যন্ত্রপাতির দোকান সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত খোলা থাকবে। এছাড়া ওষুধের দোকান, হাসপাতাল ও ক্লিনিক সারাদিন খোলা থাকবে। তবে সেইসব প্রতিষ্ঠানকে সামাজিক দূরত্ব বজায় রেখে পরিচালনা করতে বলা হয়েছে।
এ ব্যাপারে জেলা প্রশাসক আবু জাফর জানান, জনস্বার্থে এই আদেশ ঘোষনা করা হয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। জেলার সকল প্রবেশ এবং বহির্গমন স্থানে বিশেষ চেক পোষ্ট স্থাপন করা হয়েছে। এই ভাইরাস মোকাবেলায় সরকারের পক্ষ্ থেকে সবার্তক চেষ্টা করা হচ্ছে। তিনি সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, সামাজিক দূরত্ব বজায় ও স্বাস্থ্যবিধি মেনে করোনাভাইরাস সংক্রামণ প্রতিরোধে এক সাথে কাজ করতে হবে।
বিজনেস বাংলাদেশ/ ইমরান




















