চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি উত্তরণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।কর্মগুণে বিশ্বের জনপ্রিয় ফোবর্স ম্যাগাজিনে করোনা মোকাবেলায় সফল নারী নেতৃত্বের তালিকায় স্থান করে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সারাদেশে ওয়ার্ড পর্যায় পর্যন্ত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সমন্বয়ে ত্রাণ কমিটি গঠণে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে।
আওয়ামী লীগের এই ত্রাণ কমিটি করোনা ভাইরাস প্রতিরোধে যথাযথ সরকারি নির্দেশনা পালন, সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য জনগণকে সচেতন করবে এবং মানবিক সংকটে জনগণের পাশে দাঁড়াবে। সরকারের সাথে প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত সহায়তা সমন্বিত করে আমরা যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম হবো।
করোনা ভাইরাস সংক্রমণের এই দুঃসময়ে চাহিদা অনুযায়ী দরিদ্র ও কর্মহীন মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর। এই পরিস্থিতে এখনও পর্যন্ত দেশে খাদ্য সংকট নেই। ত্রাণ বিতরণ ব্যবস্থাপনায় প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আত্মতুষ্টি নয়, বরং আত্নসমালোচনা নিয়ে আমরা কাজ করছি। আজ সোমবার সকালে নগরীর ১ নং দক্ষিণ পাহাড়তলী, ২ নং জালালাবাদ ও ৩ নং পাঁচলাইশ ওয়ার্ডের আওতাধীন প্রত্যেক ৩টি ইউনিট কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে নেতা-কর্মীদের জন্য উপহার সামগ্রী তুলে দিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।এসময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি একথা বলেন। কর্মসূচির দ্বিতীয় দিনে প্রতিটি ওয়ার্ডে ১৫০ জন নেতাকর্মীকে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় মহানগর আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষনা সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মসিউর রহমান চৌধুরী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক লায়ন মোহাম্মদ হোসেন, নির্বাহী সদস্য গাজী শফিউল আজিম,জাফর আলম চৌধুরী, থানা আওয়ামীলীগের খলিলুর রহমান, শফিউল আলম সগীর, ওয়ার্ড আওয়ামী লীগের ফরিদ আহমদ চৌধুরী, হাজী মো. ইয়াকুব, জামাল উদ্দিন, আবদুর শুক্কুর ফারুকী, কাউন্সিলর তৌফিকআহমদ চৌধুরী, শাহেদ ইকবাল বাবুসহ সংশ্লিষ্ট ইউনিট আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, আমাদের মনে রাখতে হবে আপামর মানুষের পাশে দাঁড়ানোই হচ্ছে আওয়ামীলীগের কাজ। তিনি সরকারি স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানিয়ে বলেন, করোনা প্রতিরোধে সরকারিভাবে অনেকগুলো পদক্ষেপ নেয়া হয়েছে। এই পদক্ষেপগুলো যদি আমরা পুরোপুরি বাস্তবায়ন করতে পারি তা হলে আল্লাহর রহমতে আমরা এই দুর্যোগ থেকে মুক্তি পাবো। আমাদের স্বার্থে, পরিবারের স্বার্থে ও এলাকার মানুষের স্বার্থে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। এই পৃথিবীকে সুস্থ করতে এবং মানব অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য সামাজিক দূরত্ব বজায় রেখে ও ঘরে অবস্থান করে এই দূর্যোগ মোকাবেলা করতে হবে।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ
























