শেষ পর্যন্ত এক বছর পিছিয়ে গেল ক্রিকেটের নতুন ফরম্যাট একশ বলের প্রথম আসর। ইংলিশ ক্রিকেটার মঈন আলী খুব করে চেয়েছেন, অন্তত এক বছর পিছিয়ে যাক ‘হান্ড্রেড বল ক্রিকেট’ এর প্রথম আসর। বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারী আকার ধারণ করায় তার এমন আর্জি।
আগামী ১৭ জুলাই থেকে ইংল্যান্ডে শুরু হবার কথা থাকলেও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) সিদ্ধান্ত নিয়েছে আগামী ২০২১ সালে প্রথম আসর মাঠে গড়ানোর।
এনিয়ে ইসিবির প্রধান নির্বাহী টম হ্যারিসন সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, এই পরিস্থিতিতে দ্য হান্ড্রেড টুর্নামেন্টের মতো এমন জমজমাট টুর্নামেন্ট আয়োজনের কোনো সুযোগ দেখছি না। কোভিড-১৯ এর কারণে আন্তর্জাতিক ক্রিকেটের সূচির বিপর্যয় হয়েছে। তাই সকলের স্বাস্থ্য নিরাপত্তার কথা ভেবে এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়েছে আমাদের।’
৮ দলের এই টুর্নামেন্টের দ্য হান্ড্রেড ক্রিকেট বেশ সাড়া ফেলেছে ইংলিশ ক্রিকেটের সমর্থকদের মাঝে। এরিমধ্যে বেশ কয়েকটি ম্যাচের টিকিটও বিক্রি হয়ে গেছে অনলাইনে।
এনিয়ে টম হ্যারিসন বলেন, এই টুর্নামেন্টের মধ্য দিয়ে আমরা আয়ের পথও দেখছি বেশ। বিশেষ করে ফ্রেঞ্চাইজি ফি, হসপিটালিটি ও টিকিট বিক্রি থেকে আনুমানিক ২৫ মিলিয়ন পাউন্ড আয় হতে পারে। পাশাপাশি একটা প্রজন্মকে ক্রিকেটে উৎসাহিত করতে এ পরিকল্পনা দারুণ। এজন্য আমরা চাচ্ছি ২০২১ সালে টুর্নামেন্টটি পুনরায় আয়োজন করতে।
বিজনেস বাংলাদেশ/ এ আর

























