রাজধানীর বংশাল এলাকায় ১ হাজার অসহায় পরিবারের বাসায় বাসায় গিয়ে প্রয়োজনীয় খাবার এবং সহায়তা সামগ্রী পৌছে দিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সেই সাথে বিভিন্ন সময় গুমের শিকার হওয়া এবং পুলিশী হয়রানীতে অসহায় হয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পরিবারের পাশেও সহায়তা নিয়ে দাঁড়িয়েছেন তিনি।
শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বংশাল এলাকায় স্থানীয় বিএনপির কিছু নেতা কর্মী নিয়ে বিভিন্ন মহল্লায় ঘুরে ঘুরে অসহায় ও দুস্থ পরিবারের খোঁজ খবর নেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এসময় প্রত্যেকের বাসায় বাসায় গিয়ে নিজেই পৌছে দেন প্রয়োজনীয় খাবার সামগ্রী। এভাবে আকস্মিকভাবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে পেয়ে অনেকটা আবেগআপ্লুতও হয়ে যান অনেকেই।
এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে রাজধানীর বিভিন্ন এলাকার অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়েও ত্রাণ বিতরণ করা হয় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের পক্ষ থেকে। বৃহস্পতিবার রাত ৯টা থেকে শুরু হয় ত্রাণ বিতরণ কার্যক্রম। এরপর থেকে সেহরির আগ পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে অসহায়দের মাঝে এসব খাবার বিতরণ করা হয়। বৃহস্পতিবার সারা রাতে প্রায় দেড় হাজার প্যাকেট খাবার বিতরণ করা হয়েছে।
গত ২৮ এপ্রিল সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের (প্রস্তাবিত) পক্ষ থেকে ঢাকার অসহায় মানুষের জন্য খাদ্য বিতরণ কর্মসূচি প্রজেক্ট ঢাকা এইডের ঘোষণা দেন ফাউন্ডেশনের আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সেই সঙ্গে রমজান উপলক্ষে ঢাকার অন্তত ১০ হাজার দুস্থ পরিবারের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের নিয়ে প্রজেক্ট ঢাকা এইড নামে একটি তহবিল গঠনেরও আহ্বান জানান তিনি।
ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের আহ্বানে সাড়া দিয়ে সরাসরি বিকাশের মাধ্যমে ফাউন্ডেশনের তহবিলে দুস্থদের জন্য দেশের বিভিন্ন এলাকা থেকে দান করেছেন ২ লাখ ৮৯ হাজার ৪৩০ টাকা। তহবিল সংগ্রহ চলবে আগামী ১০ মে পর্যন্ত। যে কেউ চাইলেই ফাউন্ডেশনের (প্রস্তাবিত) বিকাশ নম্বরে ০১৭০৭-৩৬৮৮৬৮ দান করতে পারবেন। তহবিল সংগ্রহ সম্পর্কিত যাবতীয় হিসেব ফাউন্ডেশনের ওয়েবসাইটে বিস্তারিত তুলে ধরা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/ এ আর

























