গাজীপুর সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেনের লাশ উদ্ধার করেছে তুরাগ থানা পুলিশ। মঙ্গলবার রাজধানীর তুরাগ থানার একটি ঝোপ থেকে থেকে তার লাশ উদ্ধার করা হয়।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল মোত্তাকীন লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বিজনেস বাংলাদেশকে জানান, সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে রাজধানীর উত্তরার তুরাগ থানা এলাকার একটি ঝোঁপ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত প্রকৌশলীর দেলোয়ার হোসেন (৪৮)। তিনি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার আলাইয়াপুর এলাকার মৃত সোলায়মানের ছেলে। তিনি পরিবারের সাথে রাজধানীর মিরপুর ২ নম্বর সেক্টরে বসবাস করতেন। নিহত দেলোয়ার হোসেন মহানগরের কোনাবাড়ী এলাকার দায়িত্বে ছিলেন।
তিনি আরো জানান, প্রকৌশলী দেলোয়ার মিরপুরের বাসা থেকে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুরের সিটির কর্মস্থলের রওনা হন। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে উত্তরা ১৭ নম্বর সেক্টরের ৫ নম্বর ব্রিজের পশ্চিম দিকের ৮ নম্বর রোডের পাশের একটি জঙ্গল থেকে দেলোয়ারের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
এ ব্যাপারে নিহতের স্ত্রী খোদেজা আক্তার তুরাগ থানায় মামলা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মো. আমিনুল ইসলাম জানান, নিহত প্রকৌশলী দেলোয়ার হোসেন গাজীপুর সিটি কর্পোরেশনের (অঞ্চল-৭) কোনাবাড়ী আঞ্চলিক কার্যালয়ে কর্মরত ছিলেন। তিনি ২০১৩ সালে গাজীপুর সিটি কর্পোরেশনে যোগদান করেন।



















