চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় দলীয় বিরোধের জেরে গুলিতে মোহাম্মদ নাছের (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় তার বাবা আলী মদন (৬০) গুলিবিদ্ধ হন।
স্থানীয়ভাবে যুবলীগ নেতা হিসেবে পরিচিত নাছের বোয়ালখালী থানার সাতটি মামলার আসামি বলে পুলিশ জানিয়েছে। গত শুক্রবার গভীর রাতে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে খলিল তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটেছে।
পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শওকত ও জসিম নামের দুজনকে গ্রেফতার করেছে । তাদের কাছ থেকে বেশকিছু অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। তারা দীর্ঘদিন যাবৎ এলাকায় অবৈধ অস্ত্র ব্যবহার করে ত্রাসের রাজত্ব কায়েম করে চলছে বলে জানিয়েছে স্থানীয়রা জানা গেছে, শুক্রবার রাতে নিহত নাছেরের ছোট ভাই লোকমান ও গ্রেফতার জসিমের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়া শুরু হয়।
তখন জসিমের বড় ভাই শওকত এবং লোকমানের বাবা-ভাইয়েরা ঘটনাস্থলে আসেন। তারাও মারামারিতে জড়িয়ে পড়ে। তখন শওকতের গুলিতে নাছের ও তার বাবা আলী মদন গুলিবিদ্ধ হন।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. আলাউদ্দিন তালুকদার বলেন, রাত ১ টা ৪০ মিনিটে বাবা ও ছেলেকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। ছেলেক ডাক্তার মৃত ঘোষণা করেন। বাবা চিকিৎসাধীন আছেন।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম বলেন, দুই পরিবারের মধ্যে আধিপত্যের দ্বন্দ্ব পুরনো। এর জের ধরে ঝগড়া হয় এবং পরে গোলাগুলি হয়েছে এতে একজন নিহত ও আরেকজন আহত হয়েছেন। আমরা দুজনকে আটক করেছি।






















