টাঙ্গাইলের কালিহাতীতে পোস্ট মাস্টারকে গুলি করে ৫০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। রোববার দুপুরে উপজেলার বল্লা এলাকায় এ ঘটনা ঘটে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন জানান, বল্লা পোস্ট অফিসের পোস্ট মাস্টার মজিবর রহমান কালিহাতী উপজেলা পোস্ট অফিস থেকে ৫০ লাখ টাকা তুলে মোটরসাইকেল যোগে বল্লা যাচ্ছিলেন। তার সাথে ছিলো পোস্ট অফিসের রানার রফিকুল ইসলাম। তারা দুপুর ২টার দিকে বল্লা গোরস্থান পাড়া তাঁতবোর্ডের কাছে পৌছালে অপর একটি মোটরসাইকেলে তিন ব্যক্তি এসে পথরোধ করে। তারা পোস্ট মাস্টার মজিবর রহমানের পায়ে গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।
পরে আশেপাশের লোকজন এগিয়ে এসে পোস্ট মাস্টারকে উদ্ধার করে প্রথমে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। জেনারেল হাসপাতালে আবাসিক চিকিৎসা কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, মজিবুর রহমানের গুলিবিদ্ধ পায়ের হাড় ভেঙ্গে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
পোস্ট অফিস সূত্রে জানা যায়, গ্রাহকদের সঞ্চয়পত্রের ৫০ লাখ টাকা কালিহাতী পোস্ট অফিস থেকে তুলে মজিবুর রহমান বল্লা নিয়ে যাচ্ছিলেন।
টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, ঘটনার পর পুলিশের একাধিক দল ছিনতাইকারীদের গ্রেপ্তারের জন্য মাঠে কাজ করছে।
বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ






















