কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেকে ‘টুপটুপ রেস্ট্রো অ্যান্ড রিসোর্ট’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর ঘটনায় মামলা করা হয়েছে। মামলায় রিসোর্টের দুই মালিক তানভীর আহমদ, নিয়াজ মোর্শেদ ও ম্যানেজার মোহাম্মদ সুমনসহ সাতজনকে আসামি করা হয়েছে।
এর মধ্যে ম্যানেজার সুমনকে পুলিশ গ্রেফতার করলেও রিসোর্ট মালিক নিয়াজ মোর্শেদ ও তানভীর আহমদের অবস্থান এখনো নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রিসোর্টের রেস্টুরেন্ট ম্যানেজার মোহাম্মদ সুমনকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়।
মামলার বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ওসি আতিকুর রহমান মজুমদার বলেন, মামলায় মোট কতজনকে আসামি করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের পরিচয় সম্পর্কে বিস্তারিত জানাতে অনীহা প্রকাশ করেন ওসি।
উখিয়া থানার পুলিশের এক কর্মকর্তা জানান, মামলায় প্রধান আসামি রিসোর্টের মালিক ও চট্টগ্রামের বোয়ালখালীর বাসিন্দা তানভীর আহমদ। এছাড়া ম্যানেজার মোহাম্মদ সুমনকেও আসামি করা হয়েছে। তবে মামলার অন্য আসামিদের নাম ওই কর্মকর্তাও নিশ্চিত করেননি।
ডিএস./



















